দুই কারারক্ষী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম (২৬) গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কারা হেফাজত থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় গতকাল কর্তব্যরত ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই কারারক্ষী ক্ষিতীশ চন্দ্র ও জাফর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. ফরমান আলী প্রথম আলোকে বলেন, রেজাউল করিম বিমানবাহিনীর সদস্য। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি সামরিক আদালত তাঁকে ১১ বছরের সাজা দেন। এরপর তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কারা সূত্র জানায়, গত ৯ ফেব্রুয়ারি রেজাউল ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে কারা হেফাজতে ভর্তি করা হয়।
গতকাল দুপুরে সেখানে দায়িত্বে ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই কারারক্ষী ক্ষিতীশ চন্দ্র ও জাফর আলম। বেলা দেড়টার দিকে সুযোগ বুঝে রেজাউল করিম পালিয়ে যান।