দুই কিশোরী ধর্ষণের শিকার
রাজধানীতে পৃথক ঘটনায় দুজন ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে গতকাল বুধবার পল্লবী বিহারি ক্যাম্পে বাক্প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়।
এ ছাড়া গত সোমবার শ্যামপুরে আরেক কিশোরীকে ধর্ষণ করেছে বখাটেরা। ধর্ষণের শিকার দুই কিশোরীকে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
পল্লবীর বিহারি ক্যাম্পে ধর্ষণের ঘটনায় বাক্প্রতিবন্ধী ওই কিশোরীর বাবা বলেন, সকালে বাক্প্রতিবন্ধী মেয়েকে বাসায় রেখে তিনি ও তাঁর স্ত্রী কাজে বাইরে যান। সকাল নয়টার দিকে তাঁর স্ত্রী বাসায় ফিরে দেখেন প্রতিবেশী বখাটে আকবর (২৮) বাসা থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এরপর বাক্প্রতিবন্ধী ওই কিশোরী তার মাকে ইশারা-ইঙ্গিতে ধর্ষণের কথা জানায়। পরে কিশোরীকে ঢাকা মেডিকেলের ওসিসিতে নেওয়া হয়।
পল্লবী থানার ওসি ঘটনাটি নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শ্যামপুর থানার এসআই ইদ্রিস আলী বলেন, গত সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে স্থানীয় বখাটে দ্বীন ইসলাম ওরফে টুলু, হুমায়ুন ওরফে হুমা ও শামীম তালুকদার, দিল্লু ও রমজান শ্যামপুরের পশ্চিম শান্তিনিবাস এলাকায় স্থানীয় এক কিশোরীকে জোর করে ধরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। কিশোরীর সঙ্গে থাকা তার চাচাতো ভাইকে আলাদা আরেকটি পরিত্যক্ত ঘরে বেঁধে রাখে বখাটেরা।