দুই কিশোরী ধর্ষণের শিকার, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে ফয়সাল মুন্সী (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার তাঁকে কাজিকান্দা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে যশোরের অভয়নগর উপজেলার এক কিশোরীকে (১৩) ধর্ষণের ঘটনায় গত রোববার তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। পুলিশ ওই দিনই একজনকে গ্রেপ্তার করেছে।
দশমিনার পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোরী উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে নানার বাড়িতে থাকত। অন্যের বাড়িতে কাজ করে দিন চলছিল তার। দীর্ঘদিন ধরে ভাড়ায় মোটরসাইকেলচালক ফয়সাল ওই কিশোরীকে উত্ত্যক্ত করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ফয়সাল বিয়ের প্রলোভন দেখিয়ে গত রোববার দুপুরে মেয়েটিকে তাঁর মোটরসাইকেলে করে কাজিকান্দা গ্রামে নিয়ে যান। সেখানে একটি নির্জন ঘরে কিশোরীকে ধর্ষণ করেন। পরে মেয়েটিকে ওই ঘরে আটকে রেখে চলে যান ফয়সাল। সন্ধ্যায় ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক নারী মেয়েটিকে আটক অবস্থায় দেখে পুলিশে খবর পাঠান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার এবং রাতেই ফয়সালকে গ্রেপ্তার করে।
অভয়নগরের কিশোরীর মা জানান, তাঁর মেয়ে শনিবার রাতে ঘরের পেছনে থাকা শৌচাগারে যায়। সেখান থেকে ঘরে ফেরার সময় তাদের গ্রামের দুই কিশোর ও মিরাজ সরদার (১৯) নামের এক তরুণ তার মুখ গামছা দিয়ে চেপে ধরে তুলে নিয়ে যায়। এরপর একটু দূরে রাস্তার পাশে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় মেয়েটির মা ওই তিনজনকে আসামি করে রোববার রাতে অভয়নগর থানায় মামলা করেন। ওসি শেখ নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত কিশোর (১৭) ধর্ষণের কথা স্বীকার করেছে। অন্য দুজনকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।