জামালপুরে দুই কিশোরী বোন খুন
জামালপুর সদর উপজেলায় নিজেদের বাড়িতে দুই কিশোরী বোনের গলাকাটা লাশ পাওয়া গেছে।
আজ বুধবার সকালে উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামের বাড়িতে দুই বোনের লাশ পাওয়া যায়।
দুই বোন হলো ভাবনা আক্তার (১৩) ও নুরুন্নাহার লুবনা (১০)। তারা স্কুলে পড়তেন। তাদের বাবার নাম সামিউল হক ওরফে শামীম আহমেদ, তিনি প্রবাসী। মায়ের নাম তাসলিমা বেগম।
তাসলিমা বেগম ও এলাকাবাসীর ভাষ্য, গতকাল মঙ্গলবার সকালে তাসলিমা তাঁর দুই মেয়েকে স্কুলে যেতে বলে বাড়ি থেকে বের হন। তিনি জামালপুর পৌর শহরের বাগেরহাটা এলাকায় তাঁর মায়ের বাড়িতে যান। তিনি আজ সকালে বাড়িতে ফেরেন। ঘরের পেছন দিকের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে দুই মেয়েদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।
জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। তারা বিষয়টি তদন্ত করছে। মা তাসলিমাসহ আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এসপি দেলোয়ার হোসেন জানান, ময়মনসিংহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা আসছেন। তাঁদের কাজ শেষ হলে দুই কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।