দুই কিশোরীকে অপহরণের ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলায় দুই কিশোরীকে অপহরণের অভিযোগে গত শনিবার রাতে সাইদুর রহমান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার এক নারীর পূর্বপরিচিত সাইদুর রহমান ২২ ডিসেম্বর ওই নারীর দুই কিশোরী মেয়েকে অপহরণ করে। মেয়ে দুটিকে খুলনার একটি বাসায় আটকে রাখা হয়। পরে সাইদুর নিজেকে যশোর থেকে প্রকাশিত দৈনিক সমাজের কথার খুলনার ব্যুরোপ্রধান হিসেবে পরিচয় দিয়ে ওই নারীর কাছে মুক্তিপণ দাবি করে। এরপর ওই নারী সাইদুরের বিরুদ্ধে রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
শনিবার রাতে খুলনার গল্লামারী এলাকা থেকে সাইদুরকে গ্রেপ্তার এবং দুই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই কিশোরীদের মা বাদী হয়ে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, সাইদুরকে গতকাল রোববার বিকেলে আদালতে তোলা হয়।