দুই কিশোরের চুল কেটে দিলেন ছাত্রলীগ নেতা?
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্কুলছাত্রসহ দুই কিশোরের চুল কেটে দেওয়ার অভিযোগে মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে। ছাত্রলীগের নেতা লাভলু তালুকদারকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে গতকাল বুধবার দুপুরে এ মামলা করা হয়।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল আমিন নামের যুবলীগের এক নেতার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলার প্রতিবাদে গত সোমবার বিকেলে মঠবাড়িয়া শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ হয়। এতে অন্যদের সঙ্গে স্থানীয় এক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ফেরদৌস তালুকদার (১৫) ও মিরাজ হাওলাদার (১৫) যোগ দেয়। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লাভলু তালুকদার ও স্থানীয় স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজির অনুসারী মামুন জমাদ্দার ক্ষুব্ধ হন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার কাটাখালী বাজারসংলগ্ন সড়কে লাভলু ও মামুন জমাদ্দার সহযোগীদের নিয়ে ফেরদৌস ও মিরাজকে মারধর করে চুল কেটে দেন। এ অভিযোগ অস্বীকার করে লাভলু ও মামুন বলেন, ‘পড়াশোনা না করায় দুই কিশোরকে বকাঝকা করেছি।’
৪ জুলাই উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ৩০ কোটি টাকার কাজ না করে বিল উত্তোলন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ ঘটনায় সাংবাদিক আজমল হক ও যুবলীগের নেতা নুরুল আমিন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সাংসদকে নিয়ে মন্তব্য করেন। পরে সাংসদকে কটূক্তির অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তাঁদের বিরুদ্ধে মামলা হয়।