দুই কিশোরের ঝগড়ায় প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে দুই কিশোরের ঝগড়ায় প্রাণ গেছে চার বছর বয়সী এক শিশুর। তার নাম খাদিজা জান্নাত। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দারুস সালাম এলাকার ৩৫ ছোট দিয়াবাড়ি ছয়তলা বাড়ির পাঁচ তলার একটি ফ্ল্যাট থেকে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করা হয়েছে।

দারুস সালামে পুলিশের সহকারী কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল থেকে খাদিজাকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনা জানিয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রাতে খাদিজার বাড়িতে পুলিশ গেলে পাশের ফ্ল্যাটের মো. আলতাফ জানান, তাঁর ফ্ল্যাটের ভেতর রক্তের চিহ্ন রয়েছে। এ সময় তাঁর ফ্ল্যাটের বারান্দা থেকে আমের ঝুড়ির ভেতর খাদিজার গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় আলতাফের কিশোর ছেলে ও তাঁর স্ত্রীকে আটক করা হয়।

এসি সৈয়দ মামুন মোস্তফার ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিবেশী ওই কিশোর হত্যার দায় স্বীকার করেছে। ওই কিশোর পুলিশকে জানায়, খাদিজার বড় ভাই ও সে সমবয়সী। তাদের মধ্যে বেশ কিছুদিন আগে কবুতর পালা নিয়ে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে গতকাল বিকেলের দিকে খাদিজাকে প্রথমে শ্বাসরোধে ও পরে গলা কেটে হত্যা করে ওই কিশোর। পরে লাশ আমের ঝুড়িতে রেখে দেওয়া হয়। খাদিজার বাবা মো. মাসুম বালু বহনকারী একটি কার্গো লঞ্চের সুকানির কাজ করেন। এ ঘটনায় গতকাল রাতে থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।