দুই কৃষককে হত্যা, যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে গত শনিবার রাতে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই রাতে ফরিদপুরের সালথায় আরেক কৃষককে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল রোববার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গঙ্গা-কপোতাক্ষ খাল থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
গাংনীতে নিহত কৃষকের নাম হাসিবুল ইসলাম (৩২)। হাসিবুল উপজেলার ধলা গ্রামের আবদুস সাত্তারের ছেলে। সালথায় নিহত কৃষকের নাম নিরোধ চন্দ্র শিকদার (৬০)। তাঁর বাড়ি উপজেলার চাউলিয়া গ্রামে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: গাংনী থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে গ্রামের একটি মুদি দোকানের সামনে ক্যারম খেলছিলেন হাসিবুল ইসলাম। এ সময় তাঁর এক বন্ধু পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে হাসিবুলের পিঠে উপর্যুপরি কোপ মেরে দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, কয়েক দিন আগে হাসিবুল তাঁর এক বন্ধুর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এর প্রতিশোধ নিতে হাসিবুলকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ফরিদপুর: নিহত নিরোধ চন্দ্র শিকদারের স্ত্রী শোভা রানী শিকদার বলেন, ‘শনিবার দিবাগত রাত তিনটার দিকে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হন আমার স্বামী। এ সময় দুর্বৃত্তরা তাঁকে শাবল দিয়ে বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি জখম করে পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে একটি শাবল পড়ে ছিল।’
এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা ওই বাড়িতে চুরি বা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। নিরোধ ঘর থেকে বের হয়ে তাদের চিনে ফেলায় হয়তো তাঁকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল থেকে গতকাল বিকেলে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গতকাল দুপুরে ওই খালে লাশ ভেসে থাকতে দেখে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা থানায় খবর দেন। আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর লাশ থানায় নেওয়া হয়।
এসআই জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের ধারণা, পানিতে ডুবে ওই যুবকের মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, লোকটি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে অনেকেই জানিয়েছেন। বেশ কিছুদিন ধরে তিনি আলমডাঙ্গা পশুহাট এলাকায় ঘোরাঘুরি করতেন। পশুহাট এলাকার চা দোকানি রুবেল হোসেন বলেন, শনিবার দুপুরে তাঁর কাছ থেকে চা চেয়ে খেয়েছেন ওই যুবক। এ ছাড়া কয়েকজন প্রত্যক্ষদর্শী তাঁকে খালে গোসল করতেও দেখেছেন।