দুই কেজি সোনা ও ৭৫ লাখ রুপিসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার পৃথক ঘটনায় প্রায় দুই কেজি সোনা ও ৭৫ লাখ ভারতীয় রুপি উদ্ধার হয়েছে। এ দুই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে শুল্ক বিভাগ।
শুল্ক বিভাগের সূত্র জানায়, সোনা পাচারের অভিযোগে আটক বশির আহমেদ (৪০) বাংলাদেশি এবং মুদ্রা পাচারের অভিযোগে আটক মো. আশরাফ (৫০) পাকিস্তানি নাগরিক। বেলা ১১টার দিকে ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজে যাত্রী বশির আহমেদ দুবাই থেকে ঢাকায় আসেন। দুপুর ১২টার দিকে গ্রিন চ্যানেলে স্ক্যানের সময় তাঁর ব্যাগ থেকে ৯৫ লাখ টাকা মূল্যের এক কেজি ৯০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়া উদ্দিন প্রথম আলোকে বলেন, বশিরের সঙ্গে থাকা মেয়েদের ব্যবহার্য হাতব্যাগের দুটি হাতল সোনা দিয়ে তৈরি করে রুপালি প্রলেপ দেওয়া ছিল। এ ছাড়া দুটি দুধের কৌটার ভেতর দুটি সোনার পাত বসিয়েছিলেন বশির।
জিয়া উদ্দিন জানান, বেলা সোয়া একটার দিকে গ্রিন চ্যানেলে স্ক্যানের সময় ব্যাংকক থেকে আসা থাই এয়ারলাইনসের যাত্রী মো. আশরাফের ব্যাগ থেকে ৭৫ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। যার বেশির ভাগই এক হাজার ও ৫০০ ভারতীয় রুপির নোট।
এ দুই ঘটনায় বিমানবন্দর থানায় দুটি মামলা হয়েছে।