দুই কেজি সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি সোনার বারসহ শ্রবণ বিশ্বাস (৫২) নামের ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে বেনাপোল থানার ঘিবা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চইড়গাছি গ্রামের ধীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
বিজিবি ৪৯ ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ২৩-এর কাছে চড়ইগাছি এলাকা থেকে শ্রবণ বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর শরীর তল্লাশি করে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ২ কেজি ১০০ গ্রাম। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা।
এ ব্যাপারে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বলেন, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের সময় ভারতীয় ওই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বেনাপোল বন্দর থানায় চোরাচালানের একটি মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।