দুই কেজি সোনাসহ যাত্রী আটক
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার সকালে দুই কেজি ১০০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগ। ওই যাত্রীর নাম শেখ মো. মাইনুদ্দিন।
শুল্ক বিভাগ সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের (এমএইচ ১০২) একটি উড়োজাহাজে মাইনুদ্দিন শাহজালাল বিমানবন্দরে নামেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক হলে শুল্ক কর্মকর্তারা তাঁকে আটক করে তল্লাশি করেন। এ সময় তাঁর মোজার ভেতর থেকে প্রতিটি এক কেজি ওজনের দুটি সোনার বার ও মুঠোফোনের ব্যাটারি রাখার জায়গায় ১০০ গ্রাম ওজনের আরেকটি সোনার বার উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে মাইনুদ্দিনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। আটক সোনার দর প্রায় এক কোটি এক লাখ টাকা।