দুই কেন্দ্রে রাতেই বাক্স ভর্তি, ভোট গ্রহণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের আগের রাতে নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
এ ছাড়া জাল ভোট, জোর করে ভোট দিতে বাধ্য করা, প্রকাশ্যে সিল মারা, সংঘর্ষ ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে গতকাল শনিবার বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার নয়টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি ইউপিতে বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউপির পশ্চিম জতিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরগুজামানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিষবাথান আর এম উচ্চবিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল দিতে ভোটারদের বাধ্য করা হয়। এ ঘটনায় বেলা ১১টার কিছুক্ষণ পর ওই ইউপির বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন নির্বাচন বর্জনের ঘোষণা দেন। পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়। আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দিতে বাধ্য করেন। আমি নিরুপায় হয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিই।’
উপজেলার আদারভিটা ইউপিতে দুদিয়াগাছা ও চরগোজামানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়াকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে উপজেলার গুণারীতলা ইউপির জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চার ইউপি সদস্যের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১০০টি ফাঁকা গুলি ছোড়েন।
তবে প্রকাশ্যে সিলসহ মারাসহ সব অনিয়মের অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা বলেন, কয়েকটি কেন্দ্রে ইউপি সদস্যদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপির সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চবিদ্যালয় ও আর্চ্চা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গত শুক্রবার রাতেই নৌকা প্রতীকে সিল দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়। এ ঘটনায় ওই দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখার বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন নিশ্চিত করেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, জাল ভোট দেওয়ায় অভিযোগে ওই দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাদী হয়ে থানায় দুটি মামলা করেছেন। এসব মামলায় অজ্ঞাতনামা প্রায় ৭৫ জনকে আসামি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, কয়েকটি ইউপিতে ইউপি সদস্যদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রায় ১০০টি ফাঁকা গুলি ছোড়ে। এ ছাড়া দুই উপজেলার ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।