দুই কোটি টাকা আত্মসাৎ করে উধাও ব্যবসায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বাকিতে পণ্য নিয়ে সেই টাকা শোধ না করে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। আত্মসাৎ করা টাকার পরিমাণ প্রায় দুই কোটি টাকা। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী অশোক কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও মামলা করা হয়েছে। ব্যবসার পাশাপাশি তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করতেন, সেই প্রতিষ্ঠানের টাকাও তিনি মেরে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, মাঝিরঘাটের এম কে স্টিল করপোরেশনের ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন অশোক কুমার ভট্টাচার্য। এর পাশাপাশি প্রায় তিন বছর আগে অভিষেক এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান খোলেন তিনি। এ প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কাছ থেকে বাকিতে পণ্য এনে টাকা না দিয়ে আত্মগোপন করেন তিনি।
ব্যবসায়ীরা বলেন, অভিষেক এন্টারপ্রাইজের নামে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড থেকে নগদে ও বাকিতে সিমেন্ট কিনে খাগড়াছড়িতে বিক্রি করতেন অশোক কুমার। সম্প্রতি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সাড়ে ১৩ লাখ টাকা পাওনার বিপরীতে চেক দেন তিনি। বিভিন্ন সময় ছয়টি চেক ব্যাংকে প্রত্যাখ্যাত হয়। এরপর ৭ জুন ডায়মন্ড সিমেন্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ ঘটনায় সদরঘাট থানায় ১০ জুন লিখিত অভিযোগ করেন ডায়মন্ড সিমেন্টের ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুল আলম।
যোগাযোগ করা হলে ডায়মন্ড সিমেন্টের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিম প্রথম আলোকে বলেন, অনেকের পাওনা টাকা পরিশোধ না করে আত্মগোপনে চলে গেছেন অশোক কুমার। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই থানায় অভিযোগ দেননি।
সদরঘাট থানা সূত্র জানায়, এম কে স্টিল করপোরেশনের ব্যবস্থাপক হিসেবে সব লেনদেন করতেন অশোক কুমার ভট্টাচার্য। সেই সুযোগ নিয়ে প্রতিষ্ঠানটি থেকে ১ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি। এই টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এম এ মোনাফ ১০ জুন সদরঘাট থানায় মামলা করেন।
এম এ মোনাফ গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘১৭ বছর ধরে আমার প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিল অশোক। সেই লোকই আমার পৌনে দুই কোটি টাকা আত্মসাৎ করল। তার পরিবারও কিছু বলছে না কোথায় আছে সে।’
টাকা উদ্ধারের জন্য ব্যবসায়ীরা সম্প্রতি তাঁর পশ্চিম মাদারবাড়ীর ভাড়া বাসায় যান। বাসাটি তালাবদ্ধ দেখতে পান তাঁরা। ওই বাসায় থাকতেন অশোকের বৃদ্ধ বাবা ননী গোপাল ভট্টাচার্য। স্ত্রীসহ অশোক আত্মগোপনে চলে যাওয়ার পর তিনি এখন সদরঘাটে বড় ছেলের বাসায় থাকেন।
অশোক কুমার ভট্টাচার্যের বড় ভাই আশীষ কুমার ভট্টাচার্য গত বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘২৯ মে সর্বশেষ যোগাযোগ হয়েছিল তার সঙ্গে। এরপর কোথায় গেছে আমরা জানি না। আমাদের সঙ্গে সে যোগাযোগ করেনি।’
জানতে চাইলে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্জিনা আকতার প্রথম আলোকে বলেন, ‘ওই ব৵বসায়ীকে খোঁজা হচ্ছে। বিমানবন্দরের অভিবাসন পুলিশকেও চিঠি দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘অশোক কুমারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতিষ্ঠান মামলা করেছে। আরেকটি প্রতিষ্ঠান অভিযোগ দিয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত অন্তত চার-পাঁচজন ব্যবসায়ী মৌখিকভাবে জানিয়েছেন আমাদের। বিষয়টি তদন্ত করে দেখছি।’