দুই কোটি টাকার জাটকা জব্দ, আটজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে অভিযান চালিয়ে সাড়ে নয় টন ওজনের প্রায় ৫০ হাজার জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাটকা ধরা ও সংরক্ষণের অপরাধে আটজনকে দণ্ড দেওয়া হয়।

আজ সোমবার এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। এ সময় র‍্যাবের এএসপি মিমতানুর রহমান ও আমিরুল্লাহ, মৎস্য জরিপ কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী ও সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, আইন অনুযায়ী জাটকা ধরা দণ্ডনীয় অপরাধ। ফিশারিঘাটের নয়টি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার জাটকা উদ্ধার করা হয়েছে। এগুলোর মূল্য প্রায় দুই কোটি টাকা। জাটকা ধরা ও সংরক্ষণের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা জাটকাগুলো ৫০টি এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মোহাম্মদ হাবিবকে দেড় বছরের, নয়ন দাসকে এক বছরের ও মো. শাহেদুজ্জামানকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মো. সাদ্দাম হোসেন, মো. তাজুল ইসলাম, মো. মামুন, রায়হান উদ্দিন ও হাজী মোহাম্মদ আলীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।