দুই কোটি টাকার বৈদ্যুতিক পাখা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ড সুবিধায় আনা কাঁচামালে তৈরি বৈদ্যুতিক পাখা খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত সোমবার দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে এসব বৈদ্যুতিক পাখা জব্দ করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম বিশ্বাস বলেন, কর্ণফুলী ইপিজেডের গোল্ডেন সান লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বন্ড সুবিধায় কাঁচামাল এনে পাখা তৈরি করে। পরে তারা রপ্তানি না করে খোলাবাজারে বিক্রির জন্য দুই কাভার্ড ভ্যান পাখা ফরিদপুর এবং গোপালগঞ্জে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাখাগুলো আটক করা হয়। জব্দ করা পাখার মূল্য আনুমানিক দুই কোটি টাকা। তিনি জানান, এর আগেও ওই প্রতিষ্ঠানের পাখাভর্তি কয়েকটি কাভার্ড ভ্যান একই কারণে আটক করা হয়।