দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জ থেকে বেসরকারি সংস্থার এক কর্মকর্তাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনগণ। গত শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

আটক ওই কর্মকর্তার নাম নাজমুল হাসান ওরফে মিন্টু। তিনি রঘুনাথপুর গ্রামের শামসুর রহমানের ছেলে ও হিউম্যান ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন (হিপ) নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সাতক্ষীরা জেলা কর্মকর্তা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল হক জানান, সাত শতাধিক গ্রাহকের কাছ থেকে নাজমুল হাসান প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বেনাদোনা গ্রামের কামাল হোসেন একটি মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে।

শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলাম ও রহিম বক্স এবং কাশিমাড়ি গ্রামের খুকুমণি বেগম জানান, তাঁদের এলাকায় গফুর মোল্লা ও মোহাম্মাদ আলী সরদার নামের দুজনকে প্রতিনিধি নিয়োগ করা হয়। ঘর দেওয়ার নাম করে তাঁদের ৪৬ জনের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা করে আদায় করেছেন তাঁরা।

কালীগঞ্জ উপজেলার বেনাদোনা গ্রামের কামাল হোসেন ও সাতক্ষীরা সদর উপজেলার রেয়ুই গ্রামের আনছার আলী জানান, বেসরকারি সংস্থা হিউম্যান ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশনের জেলা কর্মকর্তা নাজমুল হাসান নিজেকে সাতক্ষীরা জেলা কর্মকর্তা পরিচয় দিয়ে সাতটি উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেন। এ সময় তিনি ঢাকার গুলশান এলাকার রোড নম্বর ২৩/এ, বাড়ি নম্বর-১ অনন্য ভিলায় তাঁদের প্রধান কার্যালয় বলে উল্লেখ করেন।