দুই কোটি টাকার ওষুধ জব্দ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় প্রায় দুই কোটি টাকার ওষুধ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শুল্কমুক্ত সুবিধার আওতায় তৈরি পোশাক কারখানার কাঁচামাল ঘোষণা দিয়ে পাকিস্তান থেকে এসব ওষুধ আনা হয়েছিল।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, ১৭ মে যুক্তরাজ্য থেকে পাকিস্তান হয়ে আসা যুক্তরাজ্যের একটি উড়োজাহাজে তৈরি পোশাক কারখানার কাঁচামাল ঘোষণা দিয়ে শুল্কমুক্ত সুবিধার আওতায় কার্টনভর্তি এসব পণ্য ওঠানো হয়। ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজটি পৌঁছানোর পর ২৪০ কার্টন কার্গো গুদামে রাখা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ছাড়পত্র নিয়ে এসব কাঁচামাল গাড়িতে তোলার সময় বন্ড গেটের সামনে ২৪০ কার্টন ওষুধ আটক করা হয়। তবে ওই মালামাল নিতে আসা দুই ব্যক্তি পালিয়ে যান।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সেগুফতা মাহজাবিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ওই চালানের প্রাপক হিসেবে নাম রয়েছে সাভারের ডিইপিজেড এলাকার পোস্ট ওয়্যার কোম্পানির। তবে খোঁজ নিয়ে সেখানে এই নামের কোনো কোম্পানির অস্তিত্ব পাওয়া যায়নি। কার্টনগুলো খুলে প্রথমে একাধিক কাপড়ের স্তর পাওয়া যায়। পরে একের পর এক বেরিয়ে আসে পাকিস্তানে তৈরি ১১ ধরনের ওষুধ। জব্দ করা ওষুধ ত্বকের চিকিৎসা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, গর্ভপাত, অ্যালার্জি জাতীয় রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। জব্দ করা এসব ওষুধের দাম প্রায় দুই কোটি টাকা।