দুই গরু ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী হাওয়াখানা এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে হাত-পা বাঁধা ও গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের পকেট থেকে উদ্ধার করা কাগজ সূত্রে জানা যায়, তাঁরা গরু ব্যবসায়ী ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন লালমনিরহাট জেলার দুরাকাটি গ্রামের আবু সাঈদ (২৫) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার তোলাতুলি গ্রামের শাহ্ জালাল ভূঁইয়া (৪৫)। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত লাশ দুটির পকেট থেকে পুলিশ গরু কেনাবেচার কয়েকটি চালান উদ্ধার করেছে। চালানগুলো লালমনিরহাট জেলার বড়বাড়ি হাটের। চালান থেকে জানা যায়, নিহত দুজন কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে বড়বাড়ি হাটে গিয়ে গরু কিনে ট্রাকে করে ফিরে যাচ্ছিলেন। তাঁরা দাউদকান্দিতে গরুর ব্যবসা করেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালক পলাশ মিয়াকে (২৬) আটক করেছে। পলাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, দুই ব্যবসায়ী পাঁচটি গরু নিয়ে ট্রাকে করে ফিরছিলেন। তাঁরা চালকের পাশের সিটে বসে ছিলেন। বুধবার মধ্যরাতে ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালী হাওয়াখানা এলাকায় পৌঁছালে পলাশ ও তাঁর তিন সহযোগী ব্যবসায়ীদের হাত-পা বেঁধে ও গলায় লুঙ্গি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশগুলো মহাসড়কের পাশে ফেলে পাঁচটি গরু ও ব্যবসায়ীদের টাকা নিয়ে তাঁরা পালিয়ে যান।
স্থানীয় ব্যক্তিরা গতকাল সকালে কাটাখালী ব্রিজের পূর্ব পাশের একটি কলাখেতে লাশ দুটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি জাহিদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের পরনে ছিল শার্ট-প্যান্ট। তাঁদের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অসংখ্য জখমের চিহ্ন পাওয়া গেছে। ওসি আরও বলেন, ট্রাকচালক পলাশের বাড়ি গোবিন্দগঞ্জের সোনারপাড়া শ্রীপতিপুর গ্রামে। জিজ্ঞাসাবাদে পলাশ তাঁর তিন সহযোগীর নাম বলেছেন। তাঁরা সবাই ট্রাকচালকের আড়ালে ডাকাত দলের সদস্য। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। এ ছাড়া গতকাল রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।