দুই গৃহবধূ ও তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গতকাল শনিবার এক গৃহবধূ ও এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলায় আরেক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গাজীপুর সদর এলাকার জজ মিয়া কয়েক দিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। তিন দিন আগে তিনি স্ত্রী মালা বেগমকে (১৯) তাঁর বাবার বাড়ি চৌড়ায় দিয়ে যান। গতকাল দুপুরে হঠাৎ মালা ঘরের দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে মালাকে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, গতকাল দুপুরে নারগানা গ্রামের জগদীশ চন্দ্র দাসের ছেলে বিধান চন্দ্র দাসকে (২৬) তাঁর ঘরের সিলিং ফ্যানে ঝুলতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
মুন্সিগঞ্জ সদরের মালিরপাথর এলাকা থেকে শুক্রবার রাতে আসমা আক্তার (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, রুবেল ও আসমা দুই বছর ধরে মালিরপাথরের একটি বাড়িতে ভাড়া থাকতেন। দুজনই মুক্তারপুরে জাল তৈরির কারখানায় কাজ করতেন। আসমা ও রুবেলের মধ্যে পারিবারিক কলহ ছিল। শুক্রবার সন্ধ্যায় পাশের বাড়ির লোকজন আসমার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। খবর পেয়ে পাশের গ্রাম থেকে আসমার বাবা ও মা এসে দরজা ভেঙে সিলিংয়ের সঙ্গে আসমার লাশ ঝুলতে দেখেন। এরপর পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আসমার বাবা মামলা করেন।