দুই গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামে স্বামীর নির্যাতনে গত রোববার রাতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। একই রাতে যশোরের অভয়নগর উপজেলার প্রেমভাগ গ্রামে অপর এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার।
তালতলীতে নিহত গৃহবধূর পরিবার সূত্র জানায়, গেন্ডামারা গ্রামের খাদিজা (৪০) বেগমের সঙ্গে ২০ বছর আগে চন্দনতলা গ্রামের আবদুস সালাম আকনের (৪৫) বিয়ে হয়। যৌতুকের দাবিতে ৯ মার্চ খাদিজাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন সালাম। এতে খাদিজা আহত হয়ে জ্ঞান হারালে বাবার বাড়ির লোকজন তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চার দিন চিকিৎসার পর অর্থাভাবে তাঁকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে রোববার তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে তাঁর মৃত্যু হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, গতকাল সোমবার লাশ ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অভয়নগরে নিহত গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্র জানায়, আট বছর আগে পচামাগুরা গ্রামের পলিমা বেগমের (২৭) সঙ্গে প্রেমভাগ গ্রামের নূর আলম মোল্যার (৩৮) বিয়ে হয়। গতকাল সকাল সাতটার দিকে নূর আলম ঘুম থেকে উঠে দেখেন পলিমা ফ্যানের সঙ্গে পরনের কাপড় পেঁচিয়ে ঝুলে আছেন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সহায়তায় মরদেহ নামানো হয়। পুলিশ সকাল সাড়ে দশটার দিকে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
নিহত নারীর ভাই রশিদ মোল্যা বলেন, ‘আমার বোনকে চার দিন আগে তাঁর স্বামী শারীরিকভাবে নির্যাতন করেন। বোনের শাশুড়ি ও ননদের সঙ্গে বনিবনা না হওয়ায় আগেও বেশ কয়েকবার নূর আলম তাঁকে পিটিয়েছেন। পলিমাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।’
অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় দাগ ছিল। তা ফাঁসের দাগও হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ঘটনা বোঝা যাবে।
স্বামী হত্যার দায় স্বীকার: আমাদের রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর পাংশা উপজেলার কাজিয়ালপাড়া এলাকায় শহিদুল মণ্ডলকে (৩৫) হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তাঁর স্ত্রী রহিমা বেগম (২৮)। হত্যাকাণ্ডের ১২ দিন পর গতকাল সোমবার তিনি জেলার ২ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শামসুজ্জামানের কাছে এ স্বীকারোক্তি দেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৯ মার্চ শহিদুলকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান রহিমা। ঘুমিয়ে পড়লে সোহেল তাঁকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।