নীলফামারীর সৈয়দপুরে যৌতুক হিসেবে ছয় শতক জমি লিখে না দেওয়ায় স্বামীর নির্যাতনে সাজিয়া খাতুন (২৪) নামের এক গৃহবধূ গত বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে যৌতুকের টাকা দিতে না পারায় লালমনিরহাটের পাটগ্রামে স্বামীর নির্যাতনের শিকার আরেক গৃহবধূ নাহিদ নিগার (২১) ছয় দিন ধরে চিকিৎসাধীন। দুই গৃহবধূই গত বৃহস্পতিবার নিজ নিজ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন সাজিয়া খাতুন গতকাল শুক্রবার বলেন, গত ২৬ মার্চ বাঁশবাড়ী মদিনা লেনের বাসিন্দা নাসিম উদ্দিনের (৪০) সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের সময় নানা উপঢৌকন দেওয়ার পরও শ্বশুরবাড়ির লোকেরা পৈতৃক ভিটার ছয় শতক জমি লিখে দিতে তাঁর ওপর চাপ সৃষ্টি করে আসছিল। রাজি না হওয়ায় বুধবার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকরা তাঁকে মারধর করেন। পরে প্রতিবেশীরা তাঁকে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রহিম বলেন, সাজিয়ার শরীরে মারধরের চিহ্ন রয়েছে।
সাজিয়ার স্বামী নাসিম বলেন, ‘কোন পরিবারে ঝগড়াঝাঁটি নেই?’
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার সাজিয়া খাতুন বাদী হয়ে স্বামী নাসিমের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন।
এদিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নাহিদ ও তাঁর পরিবার সূত্রে জানা যায়, নাহিদ হাতীবান্ধার দক্ষিণ পারুলিয়া গ্রামের মতিয়ার রহমানের মেয়ে। পাশের উত্তর পারুলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রেজাউল আলমের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১২ সালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণিতে ভর্তি হন নাহিদ। রেজাউলের চাপে পড়ে ২০১৩ সালে রোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে হয় দুজনের। বিয়ের কিছুদিন পরই পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক পদে সরকারি চাকরি হলে নাহিদকে নিজ বাড়িতে নিয়ে যান রেজাউল। পরে যৌতুক হিসেবে নাহিদের পরিবারের কাছে মোটরসাইকেলসহ ১০ লাখ টাকাও দাবি করা হয়। এরই জের ধরে ৯ আগস্ট রাতে স্বামী-স্ত্রীর বাগ্বিতণ্ডার একপর্যায়ে রেজাউলের মারধরে গুরুতর আহত হন নাহিদ। খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন ১১ আগস্ট এসে তাঁকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।