দুই গৃহবধূকে গলা কেটে ও পিটিয়ে হত্যা
জামালপুরের সরিষাবাড়ীতে গত বৃহস্পতিবার নারগিস আক্তার (২৬) নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পারভীন আক্তার (২০) নামের অপর এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কামরাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের মৃত সোবহান মিয়ার মেয়ে নারগিসের সঙ্গে পাশের সৈয়দপুর গ্রামের কবির হোসেনের (৩৮) দুই মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নারগিসের পরিবারের কাছে কবির দুই লাখ টাকা যৌতুক দাবি করছিলেন। টাকা না পেয়ে কবির মাঝেমধ্যেই নারগিসকে মারধর করতেন। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে কবির দুর্বৃত্তদের নিয়ে তাঁকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সরিষাবাড়ী থানার এসআই আমিনুর রহমান জানান, নারগিসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মা আনোয়ারা বেওয়া বাদী হয়ে কবিরকে প্রধান আসামি করে অজ্ঞাত পরিচয় ছয়-সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে পারভীনের পরিবার ও প্রতিবেশী কয়েকজন জানান, দেড় বছর আগে হাজীগঞ্জের ভাটরা গ্রামের পারভীনের সঙ্গে একই গ্রামের বাবুলের বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৫০ হাজার টাকা ও অন্যান্য মালামাল দেওয়া হয়। পারভীনের বাবা ফারুক হোসেন জানান, কয়েক দিন ধরে দোকান করার জন্য তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন বাবুল। কিন্তু তাঁর কাছে টাকা না থাকায় তিনি বাবুলকে টাকা দিতে পারেননি। যে কারণে পারভীনকে কয়েকবার বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা মারধর করেন। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পারভীন অসুস্থ হয়ে মারা গেছেন বলে তাঁর শ্বশুরবাড়ি থেকে খবর পাঠানো হয়।
পারভীনের চাচাতো ভাই সফিকুল জানান, পারভীনের শরীরের বিভিন্ন অংশে পেটানোর দাগ রয়েছে। এ ছাড়া তাঁর বা হাতের তালুতে কাটার দাগ রয়েছে। তবে বাবুল দাবি করেন, পারভীন অসুস্থ হয়ে মারা গেছেন। তবে কী ধরনের অসুখে মারা গেছেন, তা তিনি বলতে পারেননি।