দুই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা স্বামীরা পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলায় দুজন গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে দুজনের স্বামীই পলাতক।
সদরে নিহত গৃহবধূর নাম মরিয়ম আক্তার (১৮)। আর গজারিয়ায় নিহত হয়েছেন সম্পা বেগম (২২)। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মরিয়মের পরিবার ও পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে শহরের গনকপাড়া গ্রামের আক্তার হোসেনের মেয়ে মরিয়মের সঙ্গে পাঁচঘড়িয়াকান্দির আল আমিন ব্যাপারীর বিয়ে হয়। তাঁদের নয় মাস বয়সী একটি মেয়ে রয়েছে। আল আমিন বেকার। তার ওপর নেশাগ্রস্ত। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। বুধবার রাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে ঘর থেকে পালিয়ে যান স্বামী।
গজারিয়ায় নিহত সম্পা বেগমের লাশ গতকাল দুপুরে উপজেলার মেঘনা ইউনিয়নের নয়াকান্দি গ্রামে মেঘনার শাখা নদী তীরের খেত থেকে উদ্ধার করা হয়। গজারিয়া গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে সম্পা।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসান জানান, সম্পাকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।