দুই গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ গতকাল সোমবার এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুরবাড়ির লোকজন অপর এক গৃহবধূকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নালিতাবাড়ী উপজেলায় নিহত গৃহবধূর নাম তাসলিমা আক্তার (২৮)। তিনি ওই উপজেলার গেরাপচা গ্রামের মো. বিল্লাল হোসেনের স্ত্রী। কুলাউড়ায় নিহত হয়েছেন ওই উপজেলার উত্তর পলকি গ্রামের ফজলু মিয়ার স্ত্রী নাসিমা বেগম (২৫)।
নালিতাবাড়ী থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে নালিতাবাড়ী ইউনিয়নের গেরাপচা গ্রামে মো. বিল্লাল হোসেনের সঙ্গে বাড়ির রাস্তা নিয়ে চাচাতো ভাই জালাল উদ্দিন ও তাঁর ছেলে ইলিয়াস আলীর (৩০) ঝগড়া হয়। এ সময় বিল্লালের স্ত্রী তাসলিমা আক্তারের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইলিয়াস আলী লাঠি দিয়ে তাসলিমার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাসলিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে পুলিশ অভিযান চালিয়ে কদমতলী বাজার থেকে ইলিয়াসকে আটক করে। নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর রহমান জানান, এ ঘটনায় জড়িত ইলিয়াসকে আটক করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাসলিমার লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুলাউড়া উপজেলার উত্তর পলকি গ্রামের ফজলু মিয়ার স্ত্রী নাসিমা বেগম গত রোববার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নাসিমার ছোট বোন তাসলিমা বেগম গতকাল বিকেলে জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। ১০-১২ বছর আগে নাসিমার সঙ্গে ফজলুর বিয়ে হয়। ফজলু কাতার থাকেন। কিছুদিন আগে তিনি দেশে ফেরেন। গত শুক্রবার রাতে ফজলু মুঠোফোনে তাঁদের জানান, নাসিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে ফজলু আবার মুঠোফোনে নাসিমার অবস্থা খুব খারাপ বলে জানান। খবর পেয়ে গতকাল সকালে তিনি (তাসলিমা) ও তাঁর মা জোবেদা বেগম উত্তর পলকি গ্রামের বাড়িতে গিয়ে জানতে পারেন, নাসিমা মারা গেছেন। সেখান থেকে তাঁরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ফজলুর মুঠোফোন বন্ধ পান।
তাসলিমা অভিযোগ করেন, তাঁর বোনের ওপর শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই শারীরিক নির্যাতন চালাতেন। এর জের ধরেই তাঁর বোনের মৃত্যু হয়েছে।
যোগাযোগের চেষ্টা করেও নাসিমার স্বামী ফজলু মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।