দুই গৃহবধূকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২
রংপুরের তারাগঞ্জে গত শুক্রবার হাসনা বেগম (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসনার স্বামী রহমতুল্লাহ্কে (৩০) পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এ ছাড়া ওই দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসী ও তারাগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাড়িয়ারকুঠি ঝাকুয়াপাড়া গ্রামের রহমতুল্লাহ্র সঙ্গে আট বছর আগে বদরগঞ্জের সন্তোষপুর গ্রামের হাসনার বিয়ে হয়। তাঁদের ওমেনা খাতুন নামের একটি কন্যাসন্তান রয়েছে। এক বছর আগে ওই সন্তান ও স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করেন রহমতুল্লাহ্। এর পর থেকে হাসনা ও রহমতুল্লাহ্র মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে সম্প্রতি রহমতুল্লাহ্র দ্বিতীয় স্ত্রী মোর্শেদা বেগম বাড়ি ছেড়ে চলে যান।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে রহমতুল্লাহ্ বাড়ির উঠানে কান্নাকাটি শুরু করেন। তাঁর কান্না শুনে গ্রামের লোকজন ছুটে এলে তিনি তাঁদের জানান, হাসনা মারা গেছেন। প্রতিবেশী কয়েকজন তাঁর ঘরে গিয়ে দেখেন হাসনার মুখ দিয়ে রক্ত ঝরছে ও গলা ফুলে গেছে। এ সময় রহমতুল্লাহ্কে এলাকাবাসী আটক করে পুলিশে দেন।
থানার হাজতে আটক রহমতুল্লাহ্ স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হাসনার স্বাভাবিক মৃত্যু হয়েছে।’ তবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী তারাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হাসনাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুলতান হোসেন বাদী হয়ে রহমতুল্লাহ্কে আসামি করে হত্যা মামলা করেছেন।
তেঁতুলিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবজোত গ্রামের স্কুলশিক্ষক আসির উদ্দিন ও তাঁর স্ত্রী সামসুন্নাহার গত বৃহস্পতিবার রাতে একত্রে ঘুমাতে যান। ভোর পাঁচটার দিকে সামসুন্নাহারের শাশুড়ি নফল রোজার সেহ্রি খেতে রান্নাঘরে গিয়ে ছেলের বউয়ের গলা কাটা লাশ দেখতে পান। এ ঘটনায় সামসুন্নাহারের ভাই শফিকুল ইসলাম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সামসুন্নাহারকে হত্যার ঘটনায় আসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।