দুই গৃহবধূকে হত্যার অভিযোগ, আটক ২
পঞ্চগড় সদর উপজেলার গোফাপাড়া গ্রামের মালেকা আক্তার (২১) নামের এক গৃহবধূকে গত শুক্রবার পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ভ্যানচালক দুলাল (৩০) ও শাশুড়ি হাওয়া বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। এদিকে বোদা উপজেলায় নাদিরা আকতার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাদিরার বাবার দাবি, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে।
সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে গোফাপাড়া গ্রামের হুসেন আলীর ছেলে ভ্যানচালক দুলালের সঙ্গে একই উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের অধিকারীপাড়া এলাকার ওমর আলীর মেয়ে মালেকার বিয়ে হয়। তাঁদের মাসুদ রানা নামে সাত মাসের একটি ছেলে রয়েছে। গত শুক্রবার রাতে মালেকাকে দুলাল ও হাওয়া বেগম মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর লাশ দুলাল বাড়িতে নিয়ে আসেন। রাত থেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন দুলাল ও তাঁর পরিবারের লোকজন। মালেকার বাবার বাড়ির লোকজন রাতেই বিষয়টি পঞ্চগড় সদর থানা-পুলিশকে জানান। খবর পেয়ে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মালেকার মা সুফিয়া বেগম বলেন, ‘আমার মেয়েকে মেরে কীটনাশক খাওয়ার খবর দিছে। আমি এসে আমার মেয়ের নাকে-মুখে রক্ত আর আঘাতের চিহ্ন দেখেছি। ওরা আমার মেয়েকে হত্যা করেছে’
খবর পেয়ে গতকাল দুপুরে পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহ্মদ, সহকারী পুলিশ সুপার কফিল উদ্দীন, সদর থানার পরিদর্শক (তদন্ত) মহসেউল গণি ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা দুলাল ও হাওয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন।
তবে দুলাল বলেন, ‘মালেকাকে মারধর করা হয়েছে, এ কথা সত্যি। কিন্তু তাঁর মারধরে মালেকার মৃত্যু হয়নি। মালেকা আত্মহত্যা করেছে।’
সদর থানার পরিদর্শক (তদন্ত) মহসেউল গণি বলেন, ধারণা করা হচ্ছে, মালেকাকে প্রথমে মারধর ও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে।
এদিকে গত শুক্রবার বোদার সদর ইউনিয়নের তিতোপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে নাদিরা আকতার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাদিরা হোটেল ব্যবসায়ী দেলোয়ার হোসেনের স্ত্রী। তবে নাদিরার বাবা সইফউদ্দিন বলেন, নাদিরার স্বামী ও তাঁর পরিবারের লোকজন নির্যাতন করে তাঁর মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছেন।
দেলোয়ার বলেন, ‘আমি বা আমার পরিবারের কেউ নাদিরাকে নির্যাতন করিনি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাঁর লাশ দেখতে পাই।’ বোদা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘শুক্রবার সকালে পরিবারের লোকজন টিনশেড ঘরের কাঠের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূকে ঝুলতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’