দুই গৃহবধূসহ তিনজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর ও নওগাঁর সাপাহারে গত শুক্রবার রাতে দুই গৃহবধূকে পিটিয়ে ও বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
একই রাতে পাবনা সদর উপজেলায় এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল শনিবার পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীর বালুচর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে যমুনার চরাঞ্চল-অধ্যুষিত মেছড়া ইউনিয়নের মাটিকোড়া গ্রামের স্বপন মিয়ার সঙ্গে পাশের গ্রামের জিয়াসমিন খাতুনের (২৮) বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময়ে স্বপন স্ত্রীকে যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিতেন। চাপের মুখে বাবার বাড়ি থেকে প্রায়ই জিয়াসমিন টাকা এনে দিতেন। সম্প্রতি স্বপন আরও টাকা এনে দিতে বলেন জিয়াসমিনকে। এতে অপারগতা প্রকাশ করলে জিয়াসমিনের ওপর নির্যাতন শুরু হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বপন জিয়াসমিনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ গতকাল দুপুর বেলা ১২টার দিকে জিয়াসমিনের লাশ উদ্ধার করে। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা বলেন, এ ঘটনায় জিয়াসমিনের বাবা নুরুল ইসলাম গতকাল সদর থানায় স্বপনের বিরুদ্ধে মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের খামারগাতী গ্রামের আয়নাল হকের ছেলে সোহান (৮) গত বৃহস্পতিবার নিখোঁজ হয়। শুক্রবার বিকেলে গ্রামের একটি ডোবায় গলায় গামছা প্যাঁচানো অবস্থায় সোহানের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে। সদর থানার পরিদর্শক জানান, সোহানের শরীরে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন দেখা গেছে। তার গলায় গামছা প্যাঁচানো ছিল। শিশুটিকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির বাবা আয়নাল হক বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
আদমদীঘি (বগুড়া): নিহত গৃহবধূ খালেদা আক্তারের ভাই দেলোয়ার হোসেন জানান, নওগাঁর সাপাহার উপজেলার উমইল হাটখোলা গ্রামের বাসিন্দা মালিক মো. হাবিবুলাহর সঙ্গে পাঁচ বছর আগে পাশের জবই গ্রামের আবুল কালামের মেয়ে খালেদা আক্তারের (২৪) বিয়ে হয়। যৌতুক না পেয়ে খালেদার ওপর নির্যাতন চালানো হতো। ছেলে সন্তান না হওয়ায় তাঁর ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। শুক্রবার রাত ১০টার দিকে স্বামীর বাড়িতে খালেদার রহস্যজনক মৃত্যু হয়। খবর পেয়ে খালেদার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। খালেদাকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে তাঁরা থানায় অভিযোগ করেন। দেলোয়ার অভিযোগ করেন, এর আগে গত ২৮ জুন খালেদাকে ফলের রসের সঙ্গে বিষ খওয়ান তাঁর স্বামী। দীর্ঘদিন চিকিৎসার পর খালেদা সুস্থ হয়ে ঘটনাটি জানান। পরে স্থানীয় লোকজন ঘটনাটির মীমাংসা করে দেন।
সাপাহার থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে মো. হাবিবুল্লাহকে প্রাথমিকভাবে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা: প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শুক্রবার রাত ১২টার দিকে পাবনা সদর উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েকজন দুর্বৃত্ত কলেজছাত্র সাইফুল ইসলাম (২২) ও তাঁর বন্ধু জনি বিশ্বাসকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে পালিয়ে যায়। তাঁদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাইফুল মারা যান। সাইফুলের বাড়ি সদর উপজেলার চর বলরামপুর গ্রামে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, স্থানীয় একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে সাইফুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কালাম নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
পঞ্চগড়: বোদা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালমারী এলাকার করতোয়া নদীর বালুচরে গতকাল সকালে কয়েকজন রাখাল এক ব্যক্তির (৫০) লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বোদা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জল জানান, লাশে পচন ধরেছে। লাশের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। কীটনাশক পান করে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন অথবা কীটনাশক খাইয়ে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।