দুই গৃহবধূসহ পাঁচজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুরে গতকাল শুক্রবার এক গৃহবধূ খুন হয়েছেন। এর আগের দিন পটুয়াখালীর গলাচিপায় নির্যাতনের শিকার আরেক গৃহবধূ মারা গেছেন। গতকাল পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞাতনামা (৪০) একজনের এবং বাগেরহাটে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
এ ছাড়া ভোলার বোরহানউদ্দিনে গত বুধবার তানিয়া (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা: পুলিশ ও ছাত্রীর পারিবার সূত্র জানান, বোরহানউদ্দিনের দারিয়া গ্রামের মো. বাবুলের সপ্তম শ্রেণিপড়ুয়া মেয়ে তানিয়া সোমবার বাড়ি থেকে কিছু না বলে বেরিয়ে যায়। বুধবার রাত আটটার দিকে পুলিশ উপজেলার মানিকা খাল থেকে তানিয়ার লাশ উদ্ধার করে। লাশের গলায় ওড়না প্যঁাচানো ছিল। শরীরে আঁচড় ছিল। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গত বছর তানিয়া বাদী হয়ে একই গ্রামের মো. হোসেনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষণ) মামলা করেছিল। পরে হোসেন মেয়েটিকে বিয়ের আশ্বাস দিয়ে মামলা তুলতে বাধ্য করে। এর পর থেকে হোসেন প্রায়ই মেয়েটিকে নিয়ে ঘুরতে যেত। গত সোমবারও তা-ই করেছিল।
মঠবাড়িয়া (পিরোজপুর): ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম হাওলাদার জানান, গতকাল সকালে ভিটাবাড়িয়া গ্রামের চৌরাস্তা এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবন দেয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে রাতের কোনো এক সময় হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাগুরা: জেলার শ্রীপুরে চরমহেশপুর গ্রামে গতকাল খুন হওয়া গৃহবধূর নাম জাহেদা খাতুন (২৩)। প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন জানান, দুপুরে তিনি ও প্রতিবেশী জাহেদা বাড়ির অদূরে পাশাপাশি খেত থেকে মরিচ তুলছিলেন। হঠাৎ করে পাশের খেত থেকে জাহেদার চিৎকার শুনতে পান। এরপর সেখানে গিয়ে দেখেন, জাহেদাকে দুর্বৃত্তরা কোপাচ্ছে। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের কৃষকেরা এসে হাতেনাতে গ্রামের মদন মণ্ডল (৩২) নামের একজনকে আটক করেন। এ সময় দু-তিন যুবক পালিয়ে যায়। শ্রীপুর থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গলাচিপা (পটুয়াখালী): উপজেলায় নির্যাতনে নিহত গৃহবধূর নাম রুনু বেগম (২২)। পুলিশ তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে। নিহত নারীর মামা শাহজাহান হাওলাদার জানান, তিন বছর আগে তাঁর ভাগনি রুনুর সঙ্গে উপজেলার আমখোলা গ্রামের জহিরুল ইসলামের বিয়ে হয়। তাঁদের ১০ মাসের একটি মেয়ে আছে। সাত-আট দিন আগে জহিরুল রুনুকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে বলেন। এতে রাজি না হলে জহিরুল, তাঁর মা নূরজাহান বেগম, ভাই রুবেল ও বাবা কালাম ব্যাপারী কয়েক দফায় রুনুকে মারধর করেন। পরে রুনুর মা কমলা বেগম মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যান। রুনুকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে রুনু মারা যান। গলাচিপা থানার ওসি শিশির কুমার পাল বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাগেরহাট: জেলার চিতলমারীতে গতকাল দুপুরে মাঠ থেকে হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় চৌধুরী তৌহিদুল ইসলাম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। চিতলমারী থানার ওসি মো. আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তৌহিদুল খুলনার তেরখাদার কাটিঙ্গা গ্রাম থেকে বাগেরহাটের চিতলমারীতে ফুফা শ্বশুরের বাড়িতে যান। সেখানে বেড়াতে যাওয়া স্ত্রী আদুরী বেগমকে আনতে গিয়ে নিখোঁজ হন তৌহিদুল। গতকাল হাড়িয়ারঘোপ গ্রামের একটি ফাঁকা মাঠে তাঁর লাশ পাওয়া যায়।