মাগুরার শালিখায় সংঘর্ষ থামাতে গিয়ে আবদুল জলিল ও গোপালগঞ্জের মুকসুদপুরে ভাতিজাদের হাতে আবদুল ওদুদ খান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পিরোজপুরের নেছারাবাদে আবদুর রহিম নামের এক ব্যক্তিকে ও ফরিদপুর সদর উপজেলায় বিউটি আক্তার নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পটুয়াখালীর দুমকি উপজেলায় সালমা বেগম নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যা করা হয়েছে। গত চার দিনে এসব ঘটনা ঘটেছে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: গত শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের কালিগঞ্জের নাটোপাড়া বাজারে টেলিভিশন দেখা নিয়ে মাগুরার শালিখা উপজেলার চটকাবাড়িয়া গ্রামের দুই কিশোরের সঙ্গে নাটোপাড়ার এক তরুণের হাতাহাতি হয়। এ নিয়ে রাত ৮টার দিকে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ থামাতে নাটোপাড়ার আবদুল জলিল (৫৫), ইউপি সদস্য আতাউর রহমান ও ছগির মিয়া নামের তিন ব্যক্তি চটকাবাড়িয়ায় আসেন। এ সময় তাঁরা হামলার শিকার হন। আতাউর রহমান ও ছগির মিয়া পালিয়ে গেলেও আবদুল জলিলকে হামলাকারীরা কুপিয়ে গুরুতর জখম করে। ওই ঘটনায় আরও ৮-১০ জন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে আবদুল জলিল মারা যান। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের চাওচা গ্রামের আবদুল ওদুদ খানের (৭০) সঙ্গে পৈতৃক জমিজমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর ভাই আবু বক্কার খানের বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল আটটার দিকে আবদুল ওদুদ খান তাঁদের পৈতৃক পুকুরে মাছ ধরতে গেলে আবু বক্কর খান ও তাঁর ছেলেরা বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে আবদুল ওদুদ খান ও তাঁর চার ছেলে আহত হন। তাঁদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আবদুল ওদুদ খান মারা যান।
পিরোজপুর: উপজেলার সুতারবাড়ি গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে বেল্লাল হোসেনের (২২) সঙ্গে একই গ্রামের মনিরুজ্জামানের মেয়ের (বৃষ্টি) দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর বেল্লাল প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। এ কারণে এক বছর আগে স্ত্রী বাবার সঙ্গে ঢাকায় গিয়ে বসবাস শুরু করেন। সম্প্রতি বেল্লালের স্ত্রী তাঁর বাবার সঙ্গে ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে এসে ফুপুর বাড়িতে ওঠেন। গত বুধবার বিকেলে বেল্লাল ওই বাড়িতে গিয়ে আবার তাঁর স্ত্রীকে মারধর করেন। এ নিয়ে বৃষ্টির চাচা আবদুর রহিম (৫০) ও ফুপা ফারুক হোসেন বেল্লালের বাড়িতে গিয়ে মারধরের কারণ জানতে চাইলে উভয় পক্ষ বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে বেল্লাল কুঠার দিয়ে তাঁদের কোপাতে থাকেন। এতে রহিম ও ফারুক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী: দাম্পত্য কলহের জের ধরে ঈদের দিন সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামে স্বামী বাবু সর্দার ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে স্ত্রী সালমা বেগমের (২৬) ঝগড়া হয়। একপর্যায়ে গলা টিপে ধরলে সালমা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দীর্ঘ সময়ে জ্ঞান না ফেরায় পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। খবর শুনে স্বামীসহ মৃত্যুর শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে মরদেহ ফেলে পালিয়ে যান। দুমকি থানার ওসি দিবাকর রায় বলেন, এ ব্যাপারে দুলাল হাওলাদার বাদী হয়ে জামাতা বাবু সর্দার ও তাঁর পরিবারের পাঁচজনকে আসামি করে শুক্রবার রাতে থানায় একটি হত্যা মামলা করেছেন।
ফরিদপুর: সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বিলমাহমুদপুর গ্রামে গতকাল শনিবার দুপুরে গৃহবধূ বিউটি আক্তারকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি গ্রামের কাঠের ব্যবসায়ী আকবর শেখের দ্বিতীয় স্ত্রী ছিলেন। বিউটি ফরিদপুর শহরের দেশ ক্লিনিকে আয়া হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দে জানান, বিউটি আক্তারের মাথায় একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। পারিবারিক কলহের কারণে বিউটি আক্তারকে হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
দুটি লাশ উদ্ধার: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামসংলগ্ন কুমার নদ থেকে শুক্রবার রাত নয়টার দিকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতের পরনে লুঙ্গি ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল।
এদিকে বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা-মোংলা সড়কসংলগ্ন বেইলি ব্রিজ এলাকায় একটি চিংড়িঘের থেকে পুলিশ বুধবার সকালে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় রামপাল থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। মৃতের পরনে কালো জিনস প্যান্ট ও জামা ছিল।