দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে দুই দিন ধরে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। গতকাল শুক্রবার সংঘর্ষে ককটেল বিস্ফোরণে ও টেঁটাবিদ্ধ হয়ে ২৫ জন আহত হয়েছেন।
সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মছলন্দপুর গ্রামের ব্যবসায়ী সানাউল্লাহ মিয়ার সঙ্গে পাশের মান্দারপাড়া গ্রামের বাসিন্দা ও বারদী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক লেনদেন নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে হাবিবুর রহমানের কাছে সানাউল্লাহ মিয়ার দাবি করা পাওনা টাকা চাওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিবুর রহমানের নেতৃত্বে নুর মোহাম্মদ, আবু সাইদ, সিদ্দিক মিয়াসহ পাঁচ-সাতজন ছানাউল্লাহর মোটরসাইকেল ভাঙচুর করে তাঁকে পিটিয়ে আহত করেন। এর জের ধরে গতকাল সকাল নয়টার দিকে মছলন্দপুর ও মান্দারপাড়া গ্রামের বাসিন্দারা টেঁটা, বল্লম, ছোড়া, ককটেল ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সানাউল্লাহ মিয়া বলেন, হাবিবুর রহমান ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
হাবিবুর রহমান বলেন, সানাউল্লাহ মিয়ার লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত।