দুই গ্রামবাসীর সংঘর্ষ পুলিশসহ আহত ২০
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সালিস বৈঠক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার জুগনিদহ ও পারকোলা গ্রামবাসীর মধ্যে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে এ সংঘর্ষ ঘটে। এতে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষের সময় জুগনিদহ গ্রামের আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর এবং একটি খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। তাঁরা হলেন জুগনিদহ গ্রামের আবুবক্কর সিদ্দিক (৫৮) ও কাংলাকান্দা গ্রামের গোলাম সরওয়ার (৫৭)। আহত ব্যক্তিদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে গত শুক্রবার পারকোলা গ্রামের আবদুল হামিদের ছেলে আলমাস আলী (২০) জুগনিদহ গ্রামের রয়েজ ফকিরের ছেলে মজনু মিয়াকে (২২) মারধর করেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে পারকোলা বাজারে সালিস বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক নিয়ে গতকাল সকাল নয়টার দিকে পারকোলা বাজারে উপস্থিত দুই গ্রামের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের কয়েক শ লোক রামদা, চায়নিজ কুড়াল, ট্যাঁটা, লাঠি-ফালা, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কের ওপর জমায়েত হয়। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
শাহজাদপুর থানা-পুলিশ সূত্র জানায়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের সঙ্গেও গ্রামবাসীর পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১১৪টি শটগানের গুলি ও রাবার বুলেট ছোড়ে এবং লাঠিপেটা করে। এতে আনসার আলী (৩৫), শফিকুল ইসলাম (৪০), নজরুল (২০), জলিলসহ (২৪) উভয় পক্ষের ১৫ জন আহত হন। গ্রামবাসী পিছু হটে কিছুটা দূরে মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে ইটপাটকেল ছোড়া শুরু করে। এতে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম, কনস্টেবল শরিফ হোসেনসহ পাঁচজন আহত হন। সংঘর্ষের ছবি তুলতে গেলে জুগনিদহ গ্রামের লোকজন দৈনিক যুগান্তর-এর শাহজাদপুর প্রতিনিধি মুমিদুজ্জামান জাহানকে (৩০) মারধর করে এবং তাঁর মুঠোফোন ছিনিয়ে নেয়। প্রায় তিন ঘণ্টা পর সিরাজগঞ্জ থেকে দাঙ্গা পুলিশ এসে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়লে উভয় পক্ষ মহাসড়ক থেকে সরে যায়। এরপর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। রাস্তা অবরুদ্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শাহজাদপুরের ইউএনও শামীম আহমেদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও মোটর শ্রমিকনেতাদের সঙ্গে নিয়ে উভয় গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে তাদের সরানো হয়। দুই গ্রামবাসীকে শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহজাদপুর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।