আইসক্রিম খাওয়াকে কেন্দ্র করে গতকাল রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঘোড়শাল ও কামালপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আশরাফ আলী (৫০)। তিনি ঘোড়শাল গ্রামের বাসিন্দা ছিলেন।
শাহজাদপুর থানার ওসি রেজাউল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আলম বলেন, উভয় পক্ষকে শান্ত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
শাহজাদপুর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে কামালপুর গ্রামের কিছু লোক পিকনিক থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বেতকান্দি বাজারের আজিম উদ্দীনের দোকানে আইসক্রিম কেনেন। আইসক্রিমগুলো গলে যাওয়ায় সেগুলো ফেরত দিতে গেলে দোকানদার নিতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় পিকনিকের লোকজন আজিমকে মারধর করে চলে যান। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে গতকাল রোববার সকালে কামালপুর ও ঘোড়শাল গ্রামের লোকজন মাইকিং করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে বেতকান্দি বাজারের সাতটি দোকান ও সাতটি বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তিনটি খড়ের পালা ও একটি দোকান পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে আশরাফ আলীকে রামদা দিয়ে কোপ দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।