দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ
ডোবা দখলকে কেন্দ্র করে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে গতকাল রোববার সংঘর্ষ হয়েছে। এতে ৪০ জন আহত হয়েছেন। জয়শ্রী ইউনিয়নের সানবাড়ী বাজারের উত্তর পাশে রাজনার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, জয়শ্রী ইউনিয়নের বানারসীপুর ও সরস্বতীপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি ডোবা দখলসহ নানা বিষয়ে বিরোধ চলছে। গত শনিবার বেলা দুইটার দিকে বানারসীপুর গ্রামের আয়নাল মিয়ার নেতৃত্বে ২৫-৩০ জন লোক সানবাড়ি বাজারের উত্তর পাশে একটি ডোবা সেচে মাছ ধরার জন্য সেখানে একটি শ্যালো মেশিন বসান। খবর পেয়ে ওই দিন রাত ১০টার দিকে সরস্বতীপুর গ্রামের শতাধিক মানুষ গিয়ে শ্যালো মেশিনটি নিয়ে যান।
এ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল সকাল ১০টার দিকে বানারসীপুর গ্রামের শতাধিক মানুষ লাঠিসোঁটা, দা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সরস্বতীপুর গ্রামের দিকে যায়। খবর পেয়ে সরস্বতীপুর গ্রামের রতন মিয়ার নেতৃত্বে শতাধিক গ্রামবাসী বানারসীপুরে যায়। রাজনার ভিটা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হন। এ সময় ওই ইউনিয়নের সোমেশ্বরী নদীতে টহলে থাকা ধরমপাশা থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ২৫ জনকে ওই দিন দুপুরে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গুরুতর অবস্থায় বেলা তিনটার দিকে সাহেরা খাতুন (৬০), শুক্কুর আলী (৬০), জসীম উদ্দিন (৪৫), সামছু মিয়া (৫৫), রহিমা আক্তার (৫০), ফজর আলী (৩০), আসমা বেগমকে (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. রুবেল মিয়া গতকাল সন্ধ্যায় বলেন, এ ঘটনায় দুই পক্ষের মধ্যে কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।