উত্তরার আদনান কবীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস’ গ্রুপের নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে র্যা ব বলেছে, দল দুটি প্রতিপক্ষ ‘নাইন স্টার’ গ্রুপের দলনেতা ‘তালাচাবি রাজু’কে টার্গেট করেছিল। আদনান দুই পক্ষের দ্বন্দ্বের মাঝখানে পড়ে যায়।
গ্রেপ্তার হওয়া আটজনের মধ্যে দুজন কিশোর। অন্য ছয়জন হলেন ডিসকো বয়েজের দলনেতা শাহরিয়ার বিন সাত্তার ওরফে সেতু (২২), বিগ বস গ্রুপের নেতা মো. আকতারুজ্জামান ওরফে ছোটন (১৯), সেলিম খান (২৩), ইবরাহিম হোসেন ওরফে সানি (২৮), মিজানুর রহমান (২২) ও জাহিদুল ইসলাম ওরফে জুইস (২১)। র্যা ব বলছে, গত মঙ্গলবার রাত (৭ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার সময় র্যা ব-১-এর একটি দল উত্তরা ১৪ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে শাহরিয়ারকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয়।
কারওয়ান বাজারে র্যা বের মিডিয়া সেন্টারে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে জাহিদুল ইসলাম ওরফে জুইস নিজেই আদনান কবীরকে কুপিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে জুইস।’
র্যা ব সংবাদ সম্মেলনে বলেছে, আদনান কবীর খুনের ঘটনায় ডিসকো বয়েজ ও বিগ বস দুটি দলই যুক্ত ছিল। এই দল দুটি উত্তরার শেষ প্রান্ত আবদুল্লাহপুর, বেড়িবাঁধ, কোটবাড়ী ও ফায়েদাবাদ এলাকায় গুন্ডামি-মাস্তানি করত। দুটি দলেরই প্রতিপক্ষ ছিল নাইন স্টার গ্রুপ। উত্তরা ১২, ১৩, ১৪, খালপাড়, দিয়াবাড়ী ও বাউনিয়া ছিল নাইন স্টার গ্রুপের দখলে। গ্যাংগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এর ধারাবাহিকতায় ৩ জানুয়ারি ডিসকো বয়েজ ও বিগ বস গ্রুপ নাইন স্টারের দলনেতা রাজুকে ১৩ নম্বর ব্রিজের ওপর তুলে বেধড়ক পেটায়। ৫ জানুয়ারি আজমপুর পদচারী সেতুর নিচে নাইন স্টার গ্রুপের লোকজন বিগ বস গ্রুপের আকতারুজ্জামান ওরফে ছোটনকে মারধর করে। দুটি দলই পরে এক হয়ে নাইন স্টার গ্রুপের তালাচাবি রাজুকে ‘শিক্ষা’ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তালাচাবি রাজুকে না পেয়ে তারা আদনানের ওপর হামলা চালায়। হত্যাকারীরা চাপাতি ও হকিস্টিক ব্যবহার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহরিয়ার বিন সাত্তার ওরফে সেতু ড্যাফোডিল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র। তাঁর বাবা বিমানবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট। ডিসকো গ্রুপের অপর সদস্য জাহিদুল ইসলাম উত্তরা স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তাঁর বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তবে বিগ বস গ্রুপের সদস্যরা নিম্নবিত্ত পরিবারের। এদের মধ্যে বিগ বস গ্রুপের প্রধান আকতারুজ্জামান ওরফে ছোটন ইউনিক এডুকেয়ারে দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন এবং তাঁর ভাই সুমন এইচএসসি পাস করেছেন। দুজনই পেশায় হকার। এর বাইরে ইবরাহিম ইজিবাইকচালক, সেলিম পোশাককর্মী, রমজান সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়ার ব্যবসা ও শাহীন পরিবহন খাতে চাকরি করেন।
জানতে চাইলে আদনান কবীরের বাবা কবীর হোসেন প্রথম আলোকে বলেন, আদনান খুনের ঘটনায় এখন পর্যন্ত চারজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। চারজনই বলেছেন, আদনানকে চাপাতি দিয়ে কুপিয়েছিলেন জাহিদুল ইসলাম ওরফে জুইস। তিনি আরও বলেন, ‘মামলার এজাহারে ১ নম্বর আসামি অনিককে পুলিশ-র্যা ব কেউই ধরতে পারেনি। অনিক পেশাদার সন্ত্রাসী। তাঁকে গ্রেপ্তার করা জরুরি।’
গ্যাং আছে আরও
র্যা ব বলছে, আনুমানিক ২০০১ সালে উত্তরায় গ্যাং কালচারের শুরু। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কিশোর-তরুণেরা উত্তরা ও উত্তরার আশপাশে আরও ৩০টি গ্যাংয়ের খবর দিয়েছে। সক্রিয় গ্যাংগুলো হলো কাঁকড়া, জি ইউনিট, ব্ল্যাক রোজ, রনো, কে নাইট, ফিফটিন, পোঁটলা বাবু, সুজন, আলতাফ, ক্যাসল বয়েজ ও ভাইপার। এই দলগুলোয় শতাধিক সদস্য আছে। তবে এই মুহূর্তে ডিসকো বয়েজ ও এর সহযোগী সংগঠন বিগ বস এবং নাইন স্টার বা নাইন এমএম গ্রুপ সবচেয়ে সক্রিয়। দলগুলোর সদস্যরা সবাই উঠতি বয়সী কিশোর-যুবক, কেউ কেউ উত্তরার নামীদামি স্কুলে লেখাপড়া করে, অছাত্র সদস্যও আছে। তারা উচ্চ-মধ্য-নিম্নবিত্ত তিন ধরনের পরিবার থেকেই এসেছে। গ্যাংগুলোর কাজ ত্রাস সৃষ্টি করা। এলাকায় প্রভাব বিস্তারের বাইরে তারা ছাত্রদের উত্ত্যক্ত করা, মাদক কেনাবেচা, ছিনতাই, অশ্লীল ভিডিও শেয়ার করার মতো কাজও করছে।
গত ৬ জানুয়ারি উত্তরা ১৩ নম্বর সেক্টরে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আদনান কবীর খুন হয়। ওই ঘটনায় আদনানের বাবা উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। পুলিশ গতকাল পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।