চট্টগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফর্মে ইঞ্জিনসহ একটি বগি উঠে যাওয়ার ঘটনায় আজ রোববার রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তদন্ত কমিটি দুর্ঘটনার জন্য শান্টিং ইঞ্জিনের দুই চালককে দায়ী করে। কর্তৃপক্ষ প্রতিবেদনের আলোকে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
১০ ডিসেম্বর ভোরে পাহাড়তলী রেল রক্ষণাবেক্ষণের ‘মার্শাল ইয়ার্ড’ থেকে ১৬টি কোচ (বগি) একটি শান্টিং ইঞ্জিন দিয়ে টেনে নেওয়া হচ্ছিল চট্টগ্রাম স্টেশনের দিকে। কোচগুলো ঢাকাগামী মহানগর প্রভাতী এক্সপ্রেসের ছিল। কিন্তু আচমকা চালক নিয়ন্ত্রণ হারালে ভোর সাড়ে পাঁচটায় শান্টিং ইঞ্জিন এবং একটি কোচ প্ল্যাটফর্মে উঠে যায়। এতে ইঞ্জিনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মেরও ক্ষতি হয়।
১০ ডিসেম্বর দুর্ঘটনার পরপরই শান্টিং ইঞ্জিনের সাব-লোকোমাস্টার এ কে এম জহিরুল হক ও সহকারী লোকোমাস্টার এমরান হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত কমিটির কাছে তাঁরাও আত্মপক্ষ সমর্থন করে সাক্ষ্য দেন।
রেলওয়ে সূত্র জানায়, তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রাশিদা গণি সুলতানা আজ মহাব্যবস্থাপকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত কমিটি শান্টিং ইঞ্জিনের দুই চালকের (লোকোমাস্টার) সাক্ষ্য নেন। চালকেরা নিজেদের দায় কমিটির কাছে স্বীকার করেছেন বলেছেন বলে জানা গেছে। ঘটনার সময় দুই চালকই তন্দ্রাচ্ছন্ন ছিলেন, যা প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘রাশিদা গণি সুলতানা তদন্ত প্রতিবেদন আমার কাছে দাখিল করেছেন। প্রতিবেদনে দুই চালককে দায়ী করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। ইতিমধ্যে আমরা দুজনকে সাময়িক বরখাস্ত করেছি। প্রতিবেদনে সুপারিশের আলোকে আরও কঠোরতর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’
গত ৯ জুলাই ফৌজদারহাটে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ট্রেনের চালক উত্তম কুমার ভট্টাচার্যকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। তদন্ত কমিটি তাঁকে দায়ী করে প্রতিবেদনটি দিয়েছিল। ওই দুর্ঘটনায় ফৌজদারহাট এলাকায় তেলবাহী একটি ট্রেনের ইঞ্জিনসহ সাতটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ সাত ঘণ্টা বন্ধ ছিল। ওয়াগনের প্রতিটিতে প্রায় ৩০ হাজার লিটার করে ফার্নেস অয়েল ছিল।