দুই চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে রনি মিয়া (২০) এবং ব্রাহ্মণবাড়িয়ায় অঞ্জন দেবনাথ (৩০) নামের দুই চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের একটি মৎস্য প্রজনন কেন্দ্র এলাকা থেকে গতকাল রোববার সকালে রনি এবং ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলের সীমান্তবর্তী এলাকার একটি ডোবা থেকে গত শুক্রবার বিকেলে অঞ্জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
ভৈরব (কিশোরগঞ্জ): পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, রনির বাবার নাম মাহতাব উদ্দিন। তিনি কটিয়াদী পৌর শহরের বেতইর গ্রামের বাসিন্দা। তিন-চার মাস ধরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা চালান তিনি। শনিবার বিকেলে গাড়ি নিয়ে বের হয়ে রাতে আর ফেরেননি। গতকাল সকাল ১০টার দিকে মুমুরদিয়ার উত্তর মুমুরদিয়া গ্রামের মজিবুর মিয়ার একটি মৎস্য প্রজনন কেন্দ্র এলাকায় রনির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানান। কটিয়াদী থানার ওসি হেদায়াতুল ইসলাম ভূঁইয়া বলেন, রনিকে গলা কেটে হত্যা করা হয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল: পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আখাউড়া উপজেলার মনিয়ৈন্দ গ্রামের বাসিন্দা অঞ্জন গত সোমবার সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। শুক্রবার দুপুরে সরাইল উপজেলার শান্তিনগর গ্রামের একদল শিশু সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সীমান্তবর্তী একটি ডোবায় লাশ ভাসতে দেখে। খবর পেয়ে বিকেলে পুলিশ গলিত অবস্থায় লাশটি উদ্ধার করে।