দুই চাষির ফসলের খেত নষ্ট করেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় দুই বর্গাচাষির সাড়ে চার বিঘা জমির ভুট্টা, আখ ও মশুরখেত ট্রাক্টর দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে শহরের পৌর এলাকার ঘোড়ামারা সেতুর পশ্চিমে দোপের মাঠে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ওই দুই বর্গাচাষি হলেন পৌর এলাকার ইসলামপাড়া মহল্লার আসাদুল মল্লিক ও রিপন আলী। তাঁদের দাবি, ফসল নষ্ট হওয়ায় অন্তত সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে ওই দুই বর্গাচাষি উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করে আটজনের নাম উল্লেখ করে গতকাল বুধবার চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিম আদালতে পৃথক দুটি মামলা করেছেন।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, জমিতে ট্রাক্টরের ফলায় উঠে যাওয়া ভুট্টাগাছ ও আখ উপড়ে পড়ে আছে। ক্ষতিগ্রস্ত চাষিরা তা কুড়াচ্ছেন। এ সময় রিপন আলী জানান, ২০ হাজার টাকায় পৌনে তিন বিঘা জমি বর্গা নিয়ে এবং দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি থেকে ঋণ সহায়তা নিয়ে ভুট্টা ও সাথী ফসল হিসেবে আখ লাগানো হয়। তিনি এক মাস আগে ভুট্টা এবং এক সপ্তাহ আগে আখ রোপণ করেন। প্রতিটি ভুট্টার গাছ প্রায় দুই ফুট লম্বা হয়েছিল। গতকাল সকালে তিনি জমিতে গিয়ে দেখেন, ট্রাক্টর দিয়ে ভুট্টা ও আখের চারা উপড়ে ফেলা হয়েছে। এতে তাঁর দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। দেড় মাস আগেও দুর্বৃত্তরা একইভাবে তাঁর বর্গাজমির পাঁচ বিঘা ধানখেত একইভাবে ট্রাক্টর দিয়ে নষ্ট করেছিল।
আসাদুল মল্লিক জানান, তিনি গতকাল সকালে গিয়ে তাঁর পৌনে দুই বিঘা জমিতে এক মাস আগে লাগানো আখ ও মশুরখেত ট্রাক্টর দিয়ে নষ্ট করা অবস্থায় দেখতে পান। এতে তাঁর দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।