জাল লাইসেন্স নিয়ে ভেজাল ওষুধ উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত চিকিৎসক দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর মুন্সীপাড়া এলাকার লেক্সিকন ফার্মাসিউটিক্যালস নামের ওষুধ কারখানায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কারখানা থেকে ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি জব্দ করে পুলিশ ও ওষুধ প্রশাসন। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
ওষুধ প্রশাসন চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক মাখনুওন তাবাসসুম প্রথম আলোকে বলেন, জাল ড্রাগ লাইসেন্স নিয়ে কারখানাটিতে ভেজাল ওষুধ উৎপাদন করা হচ্ছিল। প্রায় এক মাস আগে কারখানার কার্যক্রম শুরু করা হয়েছে বলে দাবি করেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ওষুধ কারখানার তিন পরিচালক আবদুল জলিল, এ এইচ এম নজিরুল হক ও তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়া এবং কারখানার কর্মচারী দুই ভাই আল আমিন ও রুহুল আমিন। তাঁদের মধ্যে নজিরুল হক চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর কাট্টলীর আলিমউল্লাহ চৌধুরী স্বাস্থ্যকেন্দ্রের এবং তাঁর স্ত্রী উত্তর কাট্টলীর মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালের মেডিকেল অফিসার।
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পাহাড়তলী থানার ওসি ভেজাল ওষুধ উৎপাদনের সঙ্গে জড়িত থাকার দায়ে করপোরেশনের দুই মেডিকেল অফিসারকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন। ওই দুই অফিসার অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত আছেন। তাঁদের বিরুদ্ধে করপোরেশনের চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ওষুধ প্রশাসন কারখানাটিতে যৌথভাবে অভিযান চালায়। ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে কারখানা থেকে সিটি করপোরেশনের দুই চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় উত্তর কাট্টলীর মুন্সীপাড়ায় গিয়ে দেখা যায়, সাগরিকা সড়কের পাশে একতলা ভবনে ওষুধ কারখানাটি। প্রায় ৪০০ বর্গফুট জায়গার ওপর গড়ে ওঠা এই কারখানায় কাচঘেরা তিনটি কক্ষ রয়েছে। সেগুলোতে ওষুধ, ওষুধ উৎপাদনের যন্ত্রপাতি ও কাঁচামাল ছিল।
চট্টগ্রামের আরেক ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব জানান, কারখানাটিতে ইসুলেকস নামের গ্যাস্ট্রিকের ওষুধ উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া আরও ১৭ ধরনের ওষুধ উৎপাদনের পরিকল্পনা ছিল।
মুন্সীপাড়া এলাকার বাসিন্দা দুই যুবক সোহেল ও সাফায়েত ইসলাম বলেন, কারখানা ভবনে আগে ব্যায়ামাগার ছিল। পরে আসবাবপত্রের দোকান করা হয়। পাঁচ-ছয় মাস আগে সেটি বন্ধ হয়ে যায়। সম্প্রতি সেখানে ওষুধ কারখানার কার্যক্রম শুরু হয়। কারখানার দরজা সব সময় তালাবদ্ধ থাকত।
পাহাড়তলী থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, কারখানা থেকে জব্দ করা ওষুধের কাঁচামালের আনুমানিক মূল্য দুই লাখ টাকা এবং যন্ত্রপাতির দাম ২০-২৫ লাখ টাকা হবে। তিনি জানান, এই ওষুধ কারখানার পরিচালক ১১ জন। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।