দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবহেলা ও ভুল চিকিৎসায়’ এক বিচারকের প্রসূতি স্ত্রীর মৃত্যুর অভিযোগে করা মামলায় দুই চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আরেফিন রিজভী বলেন, চিটাগাং পেশেন্ট কেয়ার হসপিটাল লিমিটেডের চিকিৎসক কাজল রেখা রায় ও দেবাশীষ তালুকদার এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল জব্বারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দেবাশীষ তালুকদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের রেজিস্ট্রার।

নিহত প্রসূতি সায়মা সিকদারের মা নার্গিস বেগম বাদী হয়ে মামলাটি করেছেন। ওই মামলায় এই তিনজনের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ আনা হয়েছে।

নিহত সায়মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী মোর্শেদুল আলম নোয়াখালী আদালতে সিনিয়র সহকারী জজ হিসেবে কর্মরত আছেন। সায়মার বাবার বাড়ি নগরের অক্সিজেন ওয়াজেদিয়া এলাকায়।

বাদী মামলায় উল্লেখ করেছেন, সায়মাকে ৩ জুন রাত সাড়ে ১২টার দিকে নগরের কে বি ফজলুল কাদের রোড এলাকায় অবস্থিত চিটাগাং পেশেন্ট কেয়ার হসপিটালে ভর্তি করানো হয়। ওই দিন রাত দেড়টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ছেলেসন্তান হয়। পরে তাঁর খিঁচুনি শুরু হয়। চিকিৎ​সকদের জানানো হলেও তাঁরা এ ব্যাপারে পদক্ষেপ নেননি। পরের দিন সকাল ছয়টার দিকে সায়মার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই​সিইউ) ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎ​সকেরা। সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, আগেই সায়মার মৃত্যু হয়েছে।