সাতক্ষীরায় অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পর এক নারী মারা গেছেন। এ ঘটনায় অস্ত্রোপচারে ভুলের অভিযোগে দুই চিকিৎসক ও ক্লিনিকের মালিকসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন রোগীর স্বজন।
সাতক্ষীরা সদর থানায় গত শুক্রবার মামলাটি করেন ওই নারীর ভাই সদর উপজেলার বকচরা গ্রামের হোসাইন আলী। আসামি করা হয় পলাশপোল এলাকার নিউ একতা ক্লিনিকের মালিক হরিদাস মণ্ডল ও এহসান মাহমুদ; চিকিৎসক দেবদুলাল সরকার ও সুদীপ্ত শেখর দেবনাথ; ক্লিনিকের কর্মচারী সমীরণ মণ্ডল, ওয়ার্ডবয় ইয়াসিন আরাফাত ও কৃষ্ণপদ মণ্ডল এবং আয়া শিরিনা খাতুনকে।
চিকিৎসকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাতক্ষীরা শাখা সভা করে কাল সোমবার থেকে চিকিৎসকদের ‘প্রাইভেট প্র্যাকটিস’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
মামলার বাদী হোসাইন আলী বলেন, তাঁর বোন সুমনা খাতুন (২২) অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে তাঁদের বাড়িতে থাকতেন। অসুস্থ হয়ে পড়লে গত বৃহস্পতিবার রাতে তাঁকে শহরের নিউ একতা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই রাতেই তাঁকে অস্ত্রোপচার করা হয়। তাঁর বোন একটি পুত্রসন্তান জন্ম দেন।
হোসাইন আলীর অভিযোগ, সন্তান জন্ম দেওয়ার পর তাঁর বোনের অবস্থার অবনতি হলে তাঁকে তড়িঘড়ি করে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিছুদূর যাওয়ার পর তাঁর বোন মারা যান। অস্ত্রোপচারে চিকিৎসকদের ভুলের কারণেই তাঁর বোনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন হোসাইন আলী।
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে ক্লিনিকের ওয়ার্ডবয় ইয়াসিন আরাফাত, কৃষ্ণপদ মণ্ডল ও আয়া শিরিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসক দেবদুলাল সরকার বলেন, ওই নারী একলামশিয়ায় আক্রান্ত ছিলেন। এ জন্য অস্ত্রোপচারের আগে তাঁর অবস্থা খুবই খারাপ ছিল। এ জন্য অস্ত্রোপচার না করে তাঁকে খুলনায় নিয়ে যাওয়ার জন্য স্বজনদের পরামর্শ দেওয়া হয়।