দুই চিকিৎসকের বেতন বন্ধের নির্দেশ
সিরাজগঞ্জে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচজন চিকিৎসককে অনুপস্থিতির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাজীপুরে ছুটি না নিয়ে বাড়িতে যাওয়ায় দুই চিকিৎসকের বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত শনিবার সিভিল সার্জন মো. সামসুদ্দীন ও ডেপুটি সিভিল সার্জন আশরাফুল ইসলাম পৃথকভাবে জেলার বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাজীপুর উপজেলার বিভিন্ন উপস্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সানজিদা মাহমুদ, মানসুরা আহমেদ, সজীব পাল, নাসিমা সুলতানা ও ফেরদৌস আখতারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ ছাড়া ছুটি অনুমোদন না করে বাড়িতে যাওয়ার অভিযোগে কাজীপুর উপজেলার সোনামুখী উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা হালিমা আক্তার ও উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা শাহ আলীকে বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পশ্চিম বেদগাড়ী কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার বিউটি বেগম কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সিভিল সার্জন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গতকাল রোববার পত্রগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।