দুই চোরকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুই চোরকে পিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। উপজেলার জাবরহাট বাজারে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
মোটরসাইকেলের মালিক জাবরহাট ইউনিয়নের রনশিয়া গ্রামের জিয়াউল ইসলাম বলেন, তিনি গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটি বাড়ির বাইরে লক করে রেখে ভেতরে ঢোকেন। বাড়ি থেকে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি নেই। চোরেরা মোটরসাইকেলটি নিয়ে জাবরহাটের দিকে গেছে জানতে পেরে তিনি জাবরহাটের কয়েকজন যুবককে মুঠোফোনে বিষয়টি জানান। পরে জাবরহাট বাজারের সোহেল রানা, মোক্তার হোসেন, মোফাজ্জল হোসেনসহ ১০-১২ জন যুবক বাজারের রাস্তার পাশে ওত পেতে থাকেন। বেলা একটার দিকে দুজন চোর ওই মোটরসাইকেল নিয়ে জাবরহাট বাজার অতিক্রমের সময় ওই যুবকেরা তাঁদের আটক করেন। পরে ওই যুবক ও স্থানীয় ব্যক্তিরা তাঁদের পিটুনি দেন।
খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) মশিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে এসআই মশিবুর রহমান বলেন, খবর পেয়ে মোটরসাইকেল চোর মো. রাশেদ (২২) ও কামাল হোসেনকে (২১) থানায় আনা হয়। তাঁদের বাড়ি দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সুলতানপুর গুচ্ছগ্রামে।