দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষের ঘটনায় এক শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইবনে আমিন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহত ব্যক্তিরা হলেন মো. এরশাদ উল্লাহ (২৮), খোরশেদ আলম (৩০) ও তৃতীয় শ্রেণি পড়ুয়া শারমিন আক্তার (১০)। এরশাদ ও খোরশেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ড ও শারমিনকে শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এরশাদ ও শারমিনের পেটে এবং খোরশেদের পিঠের বাঁ পাশে গুলি লেগেছে। তাঁদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
শারমিন আক্তারের বাবা গোলাম কাদের জানান, নির্বাচন চলাকালে দুপুর পৌনে ১২টার দিকে তাঁর বাড়ির পাশের কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষের ছোড়া গুলি বাড়িতে থাকা তাঁর মেয়ের পেটে এসে লাগে।
তিন দফা স্থগিত হওয়ার পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭২ জন প্রার্থী। সাধারণ সদস্য পদে ৫৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ৪৪০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৯৮৮ জন ও নারী ভোটার ১ লাখ ৩০ হাজার ৪৫২ জন। ১৩৫টি কেন্দ্রে বুথ রয়েছে ৭৫৬টি।
গত বছরের ৪ জুন বাঁশখালী উপজেলায় ইউপি নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনের দুই দিন আগে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর নির্বাচন স্থগিত করা হয়। অবশ্য এর আগেই ওই বছরের ২৬ মে উপজেলার খানখানাবাদ, গণ্ডামারা ও ছনুয়া ইউপির নির্বাচন স্থগিত করা হয়। ২৫ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে এই তিন ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়। পরে একই বছরের ১২ নভেম্বর বাঁশখালীর ইউপি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। কিন্তু জেএসসি পরীক্ষার কারণে নির্বাচন দ্বিতীয় দফায় স্থগিত করা হয়। এরপর চলতি বছরের ১৬ এপ্রিল নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি পক্ষের রিট আবেদনের কারণে নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। সম্প্রতি হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ করেন আপিল বিভাগ। কিন্তু নতুন নাকি পুরোনো তফসিলে নির্বাচন হবে, সে সিদ্ধান্ত না হওয়ায় ১৬ এপ্রিলের নির্বাচন স্থগিত করা হয়।