দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে বালিয়াকান্দি শহরের পূর্ব মউকুড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মশিউল আজম চুন্নুর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী শেখ নায়েব আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে মশিউল আজম চুন্নুর সমর্থক ইলিয়াস হাতে গুলিবিদ্ধ হন। এ ছাড়া মশিউল আজম চুন্নুসহ আহত হন আরও অন্তত আটজন। আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। গুলিবিদ্ধ ইলিয়াসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একজনের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।