দুই চোখ উপড়ে ও কুপিয়ে তরুণকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে দুই চোখ উপড়ে এবং দুই হাতের কবজি কেটে এক তরুণকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে দুই হাতে ও দুই পায়ে কুপিয়ে তাঁর বাবাকেও গুরুতর জখম করা হয়েছে। চাচাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে মেয়ের বাবা ও ভাইয়েরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ।
গতকাল শনিবার ঈদের দিন সন্ধ্যার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের চরপাথালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তুহিন মোল্লা (১৮) ও তাঁর বাবা শওকত আকবর মোল্লাকে ঢাকা নেওয়ার পথে রাত ১২টার দিকে মাওয়া ফেরিঘাট এলাকায় তরুণটির মৃত্যু হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বড় ভাই লায়েক মোল্লার মেয়ের সঙ্গে ছোট ভাই শওকত মোল্লার ছেলে তুহিনের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার তা মেনে নিতে পারছিল না। তিন ছেলে রবিউল মোল্লা (২৮), শরিফুল মোল্লা (২৫) ও আরিফুল মোল্লা (২২) সহ লায়েক মোল্লা শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চর পাথালিয়া গ্রামের বাবুল মোল্লার বাড়ির পাশে রাস্তার ওপর তুহিনকে ধরে এবং চাকুসহ ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুটি চোখ উপড়ে ফেলে। এরপর দুই হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তারা প্রতিবেশী বাবুল মোল্লার বাড়িতে গিয়ে তুহিন মোল্লার বাবা শওকত মোল্লারও দুই হাত ও দুই পা কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
প্রতিবেশীরা তুহিন ও শওকতকে উদ্ধার করে গোপালগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে যায়। এ দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পথে তুহিন মারা যায়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেদ বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি পূর্বপরিকল্পিত ও মর্মান্তিক। এই ঘটনার আগেই লায়েক মোল্লা তাঁর স্ত্রী ও মেয়েকে অন্যত্র পাঠিয়ে দেন এবং বাড়ির গরু-ছাগল বেচে দেন। এ নিয়ে মামলার প্রস্তুতি এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।