দুই ছাত্র আহত করার ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে দুই ছাত্রকে আহত করার ঘটনায় সাত ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত নবম শ্রেণিতে পড়ুয়া আরেক ছাত্রকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বাবর আলী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পালনকান্দি গ্রামের বাসিন্দা। থানাহাজতে আটক ছেলেটি ছুরিকাঘাতের কথা স্বীকার করলেও উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে কাজিপুর উপজেলার পালনকান্দি হরিনাথপুর ও পরানপুর গ্রামের কয়েকজন স্কুলছাত্রের উপজেলার সদরপাড়া ও চান্দারপাড়া গ্রামের ছাত্রদের চরধুনট ইছামতী নদীর সেতুর ওপর সংঘর্ষ হয়। এ সময় কাজিপুর উপজেলার ছাত্রদের ছুরিকাঘাতে ধুনট আদর্শ স্কুলের নবম শ্রেণির ছাত্র নয়ন মিয়া (১৭) ও ধুনট ডিগ্রি কলেছের ছাত্র আরিফুল ইসলাম (১৯) আহত হন। এ ঘটনায় নয়ন মিয়ার বাবা নান্নু মিয়া বাদী হয়ে গতকাল বুধবার সকালে কাজিপুর উপজেলার সাত ছাত্রের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মামলার প্রধান আসামি হিসেবে গতকালই এক ছাত্রকে গ্রেপ্তার করে।
আহত নয়ন মিয়া বলে, তার গ্রামের কয়েকটি মেয়ে রাস্তার পাশে ক্রিকেট খেলার সময় কাজিপুর উপজেলার ৮-১০ জন ছাত্র ধুনট থেকে প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার সময় তাদের উত্ত্যক্ত করে। এই ঘটনার প্রতিবাদ করার জের ধরেই ছুরিকাঘাত করা হয়েছে।