দুই ছাত্র হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই ছাত্র হত্যার ঘটনায় গতকাল গজারিয়া গ্রাম থেকে মফিজল হক (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুকুরমারি গ্রামের একটি পাটখেত থেকে মহর আলী (১৮) ও তাঁর ভাতিজা স্বপন মিয়ার (১৬) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বপন মিয়ার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ওই রাতেই মাদারগঞ্জ থানায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। গতকাল দুপুরে গজারিয়া গ্রাম থেকে এ মামলার আসামি মফিজল হককে গ্রেপ্তার করে পুলিশ।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মণ্ডল জানান, গ্রেপ্তার করা মফিজলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, গত সোমবার রাত ১০টার দিকে গজারিয়া গ্রামের মহর আলী ও স্বপন মিয়া এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ির বাইরে যান। এরপর থেকে দুজনই নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে কুকুরমারি গ্রামের একটি পাটখেতে স্থানীয় লোকজন দুটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।