দুই ছাত্রকে দপ্তরির মারধর, স্কুলে তালা
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি গত মঙ্গলবার দুই ছাত্রকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা গতকাল বুধবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।
মারধরে আহত দুই ছাত্র হলো আমবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে ইমরান হোসেন (১১) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে জাহিদ হাসান (১১)। দুজনই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক মনোয়ার আলী প্রথম আলোকে বলেন, দুই ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত দুই শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, মঙ্গলবার শিশু জরিপের কাজে ওই বিদ্যালয়ের শিক্ষকেরা ছিটমহলে ছিলেন। এ সুযোগে ওই দিন বিকেলে বিদ্যালয়ের দপ্তরি জাকির হোসেন (২৮) কয়েকজন ছাত্রীকে অফিসকক্ষে ডেকে মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখাচ্ছিল। এ সময় দুই ছাত্র ইমরান ও জাহিদ অফিসকক্ষে গেলে জাকির তাদের বের হয়ে যেতে বলে। সেখানে কী হচ্ছে, তা তারা দেখতে চাইলে দপ্তরি তাদের গলাধাক্কা দিয়ে বের করে দেয়। তারা এর প্রতিবাদ করলে জাকির ছুরি দিয়ে ইমরানকে আঘাত করার চেষ্টা করে। ইমরানকে বাঁচাতে জাহিদ এগিয়ে গেলে দপ্তরি দুজনকেই মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে তিনি দুজনকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এ ঘটনায় গতকাল স্থানীয় লোকজন ও অভিভাবকেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
অভিভাবক আশরাফ আলী, হোসেন আলী ও মসলিমউদ্দিন বলেন, দপ্তরি জাকির প্রায়ই ছাত্রীদের ডেকে মুঠোফোনে অশ্লীল ছবি দেখায়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তাঁরা জানান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় দপ্তরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় থানার ওসি মমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে জাকিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।