দুই ছাত্রকে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় ছাত্রলীগের নেতাসহ দুই ছাত্রকে পুলিশি হেফাজতে নিয়ে বেধড়ক মারধর ও নির্যাতনের অভিযোগে এক এসআইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার নেত্রকোনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেন পৌর শহরের কাটলি এলাকার আবদুল্লাহ খান।

 মারধরের শিকার দুই ছাত্রের মধ্য একজন হলেন মামলার বাদী আবদুল্লাহ খান। তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের সহসম্পাদক। গতকাল দুপুরে মামলা হওয়ার পর আদালত অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

নির্যাতনের শিকার ওই ছাত্র ও মামলা সূত্রে জানা গেছে, ১১ জুলাই বেলা দুইটার দিকে শিক্ষার্থী আবদুল্লাহ খান ও তাঁর কয়েক বন্ধু সদর উপজেলা পরিষদসংলগ্ন শাহ সুলতান রোডের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নেত্রকোনা মডেল থানার এসআই মহসিন মোস্তফার নেতৃত্বে পুলিশের কয়েকজন সদস্য এসে প্রথমে গালিগালাজ ও পরে লাঠি দিয়ে তাঁদের পেটাতে শুরু করেন। পরে পুলিশ আবদুল্লাহ খান, আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান খানের ছেলে নেত্রকোনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র অমিয় রহমান, স্নাতক (সম্মান) শ্রেণির রিমি কায়সার ও আরিফ নামে চারজনকে ধরে থানায় নিয়ে যায়।

থানা হেফাজতে নিয়ে আবদুল্লাহ ও অমিয়র কাছে ২০ হাজার টাকা দাবি করেন এসআই মহসিন। এতে রাজি না হওয়ায় তিনি তাঁদের বেধড়ক পেটাতে থাকেন। কোনো মামলা না থাকায় রাত ১০টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে এসআই মহসিন মোস্তফার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পরে মডেল থানার টেলিফোন নম্বরে যোগাযোগ করলে কর্তব্যরত কর্মকর্তা এএসআই শিরিন জানান, এসআই মহসিন মোস্তফা এখান থেকে চার-পাঁচ দিন আগে বদলি হয়ে অন্যত্র চলে গেছেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, ‘আমি মামলার বিষয়ে এখনো কিছু জানি না।’

পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, মামলার বিষয়টি আমি জানি না। ’ অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, মহসিন মোস্তফাকে জেলা গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) বদলি করা হয়েছে।

তবে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, মহসিন মোস্তফা এখনো যোগদান করেননি।