দুই ছাত্রকে পেটালেন পরিবহনশ্রমিকেরা
রেজোয়ানুল ইসলাম নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও তাঁর ছোট ভাই এইচএসসি পরীক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছেন পঞ্চগড়ের হানিফ কাউন্টারের কয়েকজন পরিবহনশ্রমিক। ঢাকা থেকে পঞ্চগড় আসার পথে হাতাহাতির জের ধরে গতকাল রোববার সকালে ওই কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। মায়ের জানাজায় অংশ নিতে ওই দুই ভাই ঢাকা থেকে পঞ্চগড়ে আসছিলেন।
মারধরের সময় পরিবহনশ্রমিকেরা নগদ টাকাসহ মুঠোফোন ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজোয়ানুল ইসলামের পরিবারের সদস্যরা। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন কাউন্টারের মূল ফটকের কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রেজোয়ানুল ইসলাম ও তাঁর ছোট ভাই মুসাহিদ মাশরুর গাজীপুরের ভাওয়াল সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মায়ের জানাজায় অংশ নিতে পরিবারসহ তাঁরা গত শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে করে পঞ্চগড়ে রওনা দেন। বাসটি গতকাল সকাল আটটায় পঞ্চগড়ে পৌঁছার কথা ছিল। এ জন্য বেলা ১১টায় জানাজার সময় নির্ধারণ করা হয়। কিন্তু ঢাকার বাসস্ট্যান্ডে অজ্ঞাত কারণে বাসটি প্রায় এক ঘণ্টা দেরি করে। রাস্তায় হোটেলে ২০ মিনিটের মধ্যে রাতের খাবারের কথা বলে যাত্রীদের নামতে বলেন সুপারভাইজার মখলেছুর রহমান। জানাজায় অংশ নেওয়ার কথা বলে রেজোয়ানুল সুপারভাইজারকে একটু তাড়াতাড়ি করতে বলেন। কিন্তু ৪০ মিনিটের মাথায় চালকসহ সব যাত্রী গাড়িতে উঠলেও সুপারভাইজার মখলেছুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মখলেছুর এলে তাঁর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে রেজোয়ানুলসহ অন্যদের। এতে ক্ষুব্ধ হন মখলেছুর।
বাসটি বেলা প্রায় ১১টায় পঞ্চগড় শহরে পৌঁছায়। শহরের কাউন্টারের কিছু আগে ধাক্কামারা এলাকায় রেজোয়ানুল, তাঁর ভাই মুসাহিদসহ অন্য যাত্রীরা নামতে চাইলে চালক গাড়ি না থামিয়ে পৌরসভাসংলগ্ন হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে নিয়ে দরজা আটকে দেন। গাড়ি থেকে সুপারভাইজার নামতে না নামতেই আগে থেকে প্রস্তুত কাউন্টারের কয়েকজন শ্রমিক লাঠিসোঁটা নিয়ে গাড়িতে ওঠেন। তাঁরা দুই ভাইসহ পরিবারের অন্য সদস্যদের বেধড়ক পেটান। পরে মায়ের জানাজায় দুই ছেলের জন্য অপেক্ষারত মুসল্লিদের কয়েকজন এসে তাঁদের উদ্ধার করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। পরে রেজোয়ানুলের পরিবারের সদস্যরা কাউন্টারের কাচ ভাঙচুর করেন।
রেজোয়ানুলের মামা রাজু বলেন, ‘চালকসহ গাড়িতে সব যাত্রী উঠে বসে ছিলেন। সুপারভাইজার ও হেলপার বকুল ৪০ মিনিট দেরিতে আসে। একটু দূরে বকুল গাঁজা নেশা করছিল। গাড়িতে এসে বকুল নগদ টাকাসহ আমার ছোট বোনের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে দুটি স্বর্ণের চুড়ি ছিল। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
সুপারভাইজার মখলেছুর বলেন, ‘প্রচুর যানজট ছিল। এ ছাড়া গাড়ির ব্রেকের সমস্যার কারণে কিছুটা দেরি হয়েছে। এক টিকিটে তাঁরা ১০ যাত্রী ছিলেন। আমাকে তাঁরাই মারধর করেছেন।’ রেজোয়ানুল বলেন, ‘এমনিতেই আমার মায়ের জানাজার নির্ধারিত সময় পার হয়ে যাচ্ছিল। আমরা সড়কে নামতে চাইলে চালক কথা না শুনে কাউন্টারে এনে নেমে যায়। পরে কাউন্টার থেকে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বাসে ওঠে। স্থানীয় একজন শ্রমিক নেতার নির্দেশে তারা দরজা বন্ধ করে আমাদের মারধর করে।’ সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়েই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি।’